জাপানের টোকিও শহরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ ইন্টারন্যাশনাল ল মুট কোর্ট প্রতিযোগিতার চূড়ান্ত মৌখিক পর্বে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে ইস্টার্ন ইউনিভার্সিটির মুট কোর্ট টিম। আগামী ৫ ও ৬ আগস্ট জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাপানিজ সোসাইটি অব ইন্টারন্যাশনাল ল এর আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সেরা দল হিসেবে নির্বাচিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির দল। এশিয়ার বিভিন্ন দেশের ৭৩টি বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীদের মধ্যে থেকে বাছাই হওয়া ১৬টি দলের মধ্যে জায়গা করে নিয়েছে এই একটি দল। প্রতিটি দেশ থেকে একটি করে ও জাপান থেকে দুটি বিশ্ববিদ্যালয় চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

ইস্টার্ন ইউনিভার্সিটির মুট কোর্ট টিমের সদস্যরা হলেন আইন বিভাগের শিক্ষার্থী সাকিব খন্দকার, জোনায়েদ আল রাতুল রাসেল ও মেহনাজ রহমান। দলটির কোচের দায়িত্ব পালন করেছেন আইন বিভাগের শিক্ষক মুহা. ওমর ফারুক।

গত ২৫ জুন বিশ্ববিদ্যালয়ে বিজয়ী দলের সদস্যদের অভ্যর্থনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মোল্লা, উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী, রেজিস্ট্রার ড. আবুল বাশার ও আইন বিভাগের ডিন এবিএম ইমদাদুল হক খান।

প্রসঙ্গত, এই সাফল্য ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নিষ্ঠা, মেধা ও পরিশ্রমের পাশাপাশি মানসম্পন্ন আইন শিক্ষা ও আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির সাক্ষ্য বহন করছে। ১৯৯৯ সালে টোকিওতে শুরু হওয়া এ প্রতিযোগিতা প্রথমে ‘জাপান কাপ’ নামে পরিচিত ছিল। বর্তমানে এটি এশিয়ার ভবিষ্যৎ আইনজীবীদের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও বন্ধুত্ব গড়ে তোলার সেরা প্লাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে। —বিজ্ঞপ্তি