ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) মহাখালী ক্যাম্পাসে স্প্রিং ২০২৫ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম মোশাররফ হুসাইন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মেম্বার সেক্রেটারি হাসনাত মোশাররফ। স্বাগত বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী ও ধন্যবাদ জ্ঞাপন করেন আইএসইউ রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক।

উপাচার্য তার বক্তব্যে বলেন, এখনই নিজের জীবন গড়ার উপযুক্ত সময়। উন্নত ক্যারিয়ার গঠনের জন্য পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে ওঠাও জরুরি। তিনি জানান, আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম অনুসরণ করে আইএসইউ পরিচালিত হচ্ছে। শিক্ষকদের নিয়মানুবর্তিতা, শিক্ষার্থীদের নিষ্ঠা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

তিনি আরো বলেন, আইএসইউ আধুনিক ক্লাসরুম, মানসম্মত শিক্ষক, ল্যাব সুবিধা ও তাত্ত্বিক, ব্যবহারিক ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করছে। এখানকার শিক্ষার্থীরা যোগ্যতানুযায়ী পার্টটাইম চাকরির সুযোগ পাচ্ছে। এছাড়া স্নাতক শেষের পর তাদের পূর্ণকালীন চাকরির সহায়তাও মিলছে।

হাসনাত মোশাররফ বলেন, প্রতিযোগিতামূলক দুনিয়ায় টিকে থাকতে হলে নিজেকে আলাদা করে তৈরি করতে হবে। প্রতিষ্ঠিত হতে হলে বিনয়ের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি ও প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে হবে। নিজের সঙ্গে প্রতিনিয়ত প্রতিযোগিতায় নামলেই সফলতা ধরা দেবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ফাহিম মোশাররফ, ট্রেজারার প্রফেসর এইচ টি এম কাদের নেওয়াজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম।

নবীনবরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষার্থী নাফিসা তাবাসসুম ও মাইশা আফিয়া জেরিন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারপারসন, শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সবশেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। —বিজ্ঞপ্তি