বাংলাদেশে কৃষি, প্রযুক্তি, জ্বালানি, ফিনটেক, অবকাঠামোসহ চামড়া ও চামড়াজাত পণ্যে বাণিজ্য সম্ভাবনা দেখছেন চীনের ব্যবসায়ীরা। আর তাই সম্ভাবনাময় খাতে বিনিয়োগসহ বাংলাদেশের উদ্যোক্তাদের সঙ্গে জয়েন্ট-ভেঞ্চার ব্যবসায় উদ্যোগে আগ্রহ প্রকাশ করেছেন তারা।
রোববার (১ জুন) বিকালে রাজধানীর মতিঝিলে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও ঢাকা সফররত চীনের ব্যবসায়ী প্রতিনিধি দলের মধ্যে আলোচনা ও বিটুবি সভায় তারা এ সম্ভাবনার কথা জানিয়েছেন।
সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইর প্রশাসক মো. হাফিজুর রহমান। স্বাগত বক্তব্যে তিনি বলেন, শিল্প বৈচিত্র্যকরণ ও রফতানি সম্প্রসারণের জন্য বাংলাদেশ একটি আকর্ষণীয় বিজনেস হাব হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন সম্ভাবনাকে কাজে লাগানো, প্রবৃদ্ধিকে আরো গতিশীল করতে উভয় দেশকে যৌথভাবে কাজ করতে হবে। এক্ষেত্রে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি), ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ), গবেষণাসহ স্টার্ট-আপ ইকোসিস্টেম উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।
এ সময় চীনের ব্যবসায়ী প্রতিনিধি দলের প্রধান ও চায়না ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স ফর দ্য প্রাইভেট সেক্টরের (সিআইসিসিপিএস) ভাইস চেয়ারম্যান চিয়াং চি জানান, এরই মধ্যে ঢাকা সফরের আওতায় বাংলাদেশের বিভিন্ন খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা। এফবিসিসিআইর সঙ্গে আলোচনা ও বিটুবি সভা দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ আরো সম্প্রসারণে ফলপ্রসূ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সহায়ক কমিটির সদস্য নাসরিন ফাতেমা আউয়াল, মো. গিয়াস উদ্দিন চৌধুরী (খোকন), প্রবীর কুমার সাহা, বেলায়েত হোসেন ভূঁইয়া, এফবিসিসিআইর সাবেক প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আলী, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল, মীর টেলিকমের পরিচালক মেহরিন নাসির, এফবিসিসিআইর মহাসচিব মো. আলমগীর, এফবিসিসিআইর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উইংয়ের প্রধান মো. জাফর ইকবাল, এফবিসিসিআইর সাধারণ পরিষদের সদস্য, ব্যবসায়ী নেতা ও অন্যান্যরা।










