এ কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ৯০ জন নারী উদ্যোক্তা ব্যবসার বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে প্রশিক্ষণ লাভ করেছেন। তিন দিনব্যাপী এ কর্মসূচির প্রতিটি ব্যাচে ৩০ জন করে নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কর্মসূচিতে ব্যবসা উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যেমন ব্যবসা পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা, ডিজিটাল সাক্ষরতা, ব্র্যান্ডিং, মার্কেটিং এবং গ্রাহক সম্পৃক্ততা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারীরা একে অন্যের সঙ্গে এবং বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান, যা তাদের বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন ও ব্যবসার টেকসই প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় নেটওয়ার্ক গড়ে তুলতে ব্যাপকভাবে সহায়তা করেছে।

ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের এসএমই ডিভিশনের রিজিওনাল হেড (সিলেট) মো. মনিরুল ইসলাম এবং ব্রাহ্মণবাড়িয়ার টেরিটরি ম্যানেজার মো. তাজুল ইসলাম। হবিগঞ্জে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন কটেজ, মাইক্রো অ্যান্ড স্মল বিজনেসের টেরিটরি ম্যানেজার মোহাম্মদ রুকন উদ্দিন। অন্যদিকে মৌলভীবাজারে নারী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন কটেজ, মাইক্রো অ্যান্ড স্মল বিজনেসের টেরিটরি ম্যানেজার গৌতম দেবনাথ। তারা স্থানীয় পর্যায়ে কাঠামোবদ্ধ উদ্যোক্তা সহায়তার গুরুত্ব তুলে ধরেন।

ব্র্যাক ব্যাংকের কর্মকর্তারা নারীদের অর্থনৈতিক অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে লক্ষ্যভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের ব্যাপারে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা উল্লেখ করেন, নারীদের নেতৃত্বে পরিচালিত শক্তিশালী ব্যবসাপ্রতিষ্ঠান কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার মাধ্যমে বহুমাত্রিক ইতিবাচক প্রভাব সৃষ্টি করে।