নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) প্রতিষ্ঠাতা ট্রাস্টি সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজির আহমেদ অ্যাক্রিডিটেশন কাউন্সিল ফর বিজনেস স্কুলস অ্যান্ড প্রোগ্রামসের (এসিবিএসপি) দক্ষিণ এশিয়া আঞ্চলিক কাউন্সিলের কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। গত ১৯ থেকে ২২ জুন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত এসিবিএসপি বার্ষিক সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

বেনজির আহমেদ একজন খ্যাতনামা শিল্পপতি। তিনি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি ও লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের সাবেক গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। শিক্ষা উন্নয়ন ও ব্যবসায় প্রশাসনের গুণগত মান উন্নয়নে তার সক্রিয় ভূমিকা রয়েছে।

এসিবিএসপি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানকারী সংস্থা। এটি বিশ্বব্যাপী ব্যবসায় প্রশাসনের শিক্ষার মানোন্নয়নে কাজ করে থাকে। সংস্থাটির দক্ষিণ এশিয়া আঞ্চলিক কাউন্সিল এই অঞ্চলের দেশগুলোতে ব্যবসায় শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখছে।

নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় বেনজির আহমেদ বলেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া সম্মানের। দক্ষিণ এশিয়াজুড়ে একাডেমিক উৎকর্ষতা বৃদ্ধি, উদ্ভাবন, ও আন্তর্জাতিক মান রক্ষায় নিরলসভাবে কাজ করে যাব।

এসিবিএসপির এবারের বার্ষিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এতে ব্যবসায় শিক্ষার মানোন্নয়ন, স্বীকৃতি প্রক্রিয়ার উন্নয়ন ও ভবিষ্যতের শিক্ষানীতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

বেনজির আহমেদের এই অর্জন শুধু বাংলাদেশের উচ্চশিক্ষার কূটনীতি জোরদার করছে না। বরং আন্তর্জাতিক শিক্ষা নেতৃত্বে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ ও গুণগত মান নিশ্চিত করার অঙ্গীকারকেও আরো সুদৃঢ়ভাবে তুলে ধরেছে।

—বিজ্ঞপ্তি