পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি ইজেনারেশন লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, শেয়ারধারী পরিচালক ও করপোরেট পরিচালক কোম্পানিটির ৪৭ লাখ ৮২ হাজার ৮০টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বিদ্যমান বাজারদরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক বা ব্লক মার্কেটে ৩০ কার্যদিবসের মধ্যে এ শেয়ার বিক্রি করবেন তারা।
তথ্যানুসারে, ইজেনারেশনের চেয়ারম্যান এসএম আশরাফুল আলম তার কাছে থাকা কোম্পানিটির ২ লাখ ৮২ হাজার ৮০টি শেয়ার বিক্রি করবেন। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান তার কাছে থাকা ১ কোটি ৭০ লাখ ৩৩ হাজার ৬৮৩টি শেয়ারের মধ্যে ১০ লাখ বিক্রি করবেন। কোম্পানিটির শেয়ারধারী পরিচালক সৈয়দা কামরুন নাহার আহমেদ তার কাছে থাকা ৬০ লাখ ৩ হাজার ২৮৩টি শেয়ারের মধ্যে ১০ লাখ বিক্রির ঘোষণা দিয়েছেন। ইজেনারেশনের করপোরেট পরিচালক ইজেনারেশন সোর্সিং লিমিটেড প্রতিষ্ঠানটির কাছে থাকা ৪০ লাখ ১৪ হাজার ৮২টি শেয়ারের মধ্যে ২৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।
২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইজেনারেশনের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৭৫ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ৭৫ কোটি ১৪ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ৫০ লাখ। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৩৭ দশমিক ৭৭ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে ২৯ দশমিক ১৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৫৪ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও ৩২ দশমিক ৫৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
ডিএসইতে গতকাল ইজেনারেশনের শেয়ার সর্বশেষ ৩৬ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ৩৪ টাকা থেকে ৪৭ টাকা ৭০ পয়সায় ওঠানামা করেছে।










