ইন্দোনেশিয়া সম্প্রতি চীনা ক্রেতাদের কাছে ২৫ লাখ টন পাম অয়েল বিক্রির চুক্তি স্বাক্ষর করেছে। গতকাল ইন্দোনেশিয়ার বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইন্দোনেশিয়ার নয়টি পাম অয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠান চীনা ১৩ ক্রেতার সঙ্গে ২৬০ কোটি ডলার মূল্যের ২৫ লাখ টন পাম অয়েল বিক্রির চুক্তি করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাইয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোর চীনে রাষ্ট্রীয় সফরের সঙ্গে এ চুক্তির যোগসূত্র রয়েছে। তখন দেশটির সরকার জানিয়েছিল চীন ইন্দোনেশিয়া থেকে ১০ লাখ টন অপরিশোধিত পাম অয়েল আমদানি করার প্রতিশ্রুতি দিয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইন্দোনেশিয়া ২০২১ সালে চীনে ৬৬ লাখ টন পাম অয়েল রফতানি করেছে। দেশটির বাণিজ্যমন্ত্রী জুলকিফলি হাসান বলেন, চীনে পাম অয়েল রফতানির এ প্রক্রিয়া দেশীয় রান্নার তেল সরবরাহ ব্যাহত করবে না। কারণ সরকার রফতানিসংক্রান্ত অনুমতি পাওয়ার জন্য রফতানিকারকদের অভ্যন্তরীণ বাজারে তেল সরবরাহ করতে বাধ্য করেছে।