আন্তর্জাতিক বাজারে আবারো কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। চীনে রেকর্ড সংখ্যক করোনা সংক্রমণ শনাক্তের খবরে বাজার নিম্নমুখী হয়ে ওঠে। এছাড়া মার্কিন ডলারের মূল্যবৃদ্ধিও এক্ষেত্রে ভূমিকা রেখেছে। খবর রয়টার্স।

সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বের শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক দেশ চীনের অর্থনীতি আবারো ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছিলেন সংশ্লিষ্টরা। ফলে নানা বিধিনিষেধ শিথিল করার কথাও ভাবছিল দেশটির সরকার। কিন্তু কয়েকদিনের ব্যবধানে ব্যাপক হারে করোনা সংক্রমণ বাড়ায় সে প্রত্যাশা ম্লান হয়ে গিয়েছে।

তথ্য বলছে, সোমবার আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের ভবিষ্যৎ সরবরাহ মূল্য ৩ শতাংশ কমে যায়। গতকালও দাম প্রায় অপরিবর্তিত ছিল। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়ে ৯৩ ডলারে ঠেকেছে।

অন্যদিকে সোমবার নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩ দশমিক ৫ শতাংশ কমে যায়। গতকাল এটির দামও অপরিবর্তিত ছিল। প্রতি ব্যারেলের মূল্য দাঁড়িয়েছে প্রায় ৮৫ ডলারে। 

বাজার পরামর্শক প্রতিষ্ঠান আইএনজির কমোডিটি স্ট্র্যাটেজি বিভাগের প্রধান ওয়ারেন পিটারসন বলেন, মার্কিন ডলারের মূল্যবৃদ্ধি জ্বালানি তেলের বাজারে নিম্নমুখী চাপের উদ্বেগ তৈরি করেছে। অথচ শুক্রবার চীনে কভিডজনিত কোয়ারেন্টিন বিধিমালা শিথিল করার সম্ভাবনায় বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছিল।

শুক্রবার চীনের ন্যাশনাল হেলথ কমিশন কভিড প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কোয়ারেন্টিনে থাকার সময় কমিয়ে আনার সিদ্ধান্তের কথা জানায়। এছাড়া অন্য দেশ থেকে আগতদের ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ কমানোর কথা বলা হয়েছিল। কিন্তু সপ্তাহের শেষে কভিড সংক্রমণ শনাক্তের হার ব্যাপক বেড়েছে। বিশেষ করে বেইজিংসহ বড় শহরগুলোয় সংক্রমণ বৃদ্ধি রেকর্ড স্পর্শ করেছে।

চীনে সর্বাধিক জ্বালানি তেল রফতানি করে সৌদি আরব। কিন্তু সম্প্রতি দেশটিতে সৌদি জ্বালানি তেলের চাহিদা লক্ষণীয় মাত্রায় কমেছে।

এদিকে মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) আগামী বছরের জন্য অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা প্রবৃদ্ধি পূর্বাভাস কমিয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, চাহিদা কমার প্রতিফলন হিসেবে ওপেক প্লাস এরই মধ্যে উত্তোলন লক্ষ্যমাত্রা দৈনিক ২০ লাখ ব্যারেল করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে সরবরাহ সম্প্রসারণ না করার নির্দেশনা দিয়েছে।