আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌ডাবল এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-ওয়ান’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিস লিমিটেড (ক্রিসল)।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৫৭ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ২৯ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৭ টাকা ৮৫ পয়সা। 

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আরএকে সিরামিকস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬৭ কোটি ১৬ লাখ টাকা, আগের বছর যা ছিল ৯০ কোটি ৫২ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা কমেছে ৩৪ দশমিক ৭৮ শতাংশ। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ১২ পয়সা, আগের বছরের একই সময়ে ছিল ৭৩ পয়সা।