সিএমএসএমই খাতে চলতি মূলধন জোগাতে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংক পিএলসির মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর হয়েছে। এ তহবিল থেকে মূলধনের অভাবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন, সেবা ও ব্যবসা পরিচালনা করতে না পারা সচল সিএমএসএমই প্রতিষ্ঠানগুলো ৯ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবে।

গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান।

বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় গঠিত এ তহবিলের লক্ষ্য সিএমএসএমই খাতে চলতি মূলধনের সংকট দূর করে উৎপাদন ও ব্যবসা কার্যক্রম সচল রাখা এবং কর্মসংস্থান বাড়ানো। সহজ শর্তে অর্থায়ন নিশ্চিত করা গেলে খাতটিতে অর্থপ্রবাহ বাড়ার পাশাপাশি সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।