ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) স্বতন্ত্র পরিচালকরা পদত্যাগ করেছেন। এর আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে দুই স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালকদের পদত্যাগের নির্দেশ দেয়া হয়। গতকাল স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, এক্সচেঞ্জটির সাবেক চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক হাফিজ মো. হাসান বাবু ১৮ আগস্ট পদত্যাগ করেন। এরপর থেকে অন্য  স্বতন্ত্র পরিচালকরা পদত্যাগ করা শুরু করেন। গতকালের মধ্যে সব স্বতন্ত্র পরিচালক পদত্যাগ করেছেন। তবে এক্সচেঞ্জটির স্বতন্ত্র পরিচালক  ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ বদলিজনিত কারণে তার পদত্যাগের আনুষ্ঠানিকতার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। পদত্যাগ করা অন্যান্য  স্বতন্ত্র পরিচালক হলেন আব্দুল্লাহ আল মাহমুদ, আফজাল হোসেন, রুবাবা দৌলা, শাহেদুল ইসলাম ও কাউসার আহমেদ।

অন্যদিকে সিএসইর স্বতন্ত্র পরিচালক এক্সচেঞ্জটির চেয়ারম্যান আসিফ ইব্রাহীম, আবদুল হালিম চৌধুরী, কাশহিফ রেজা চৌধুরী, মনজুরুল আহসান বুলবুল, ইশতার মহল, মোহাম্মদ নকিব উদ্দিন খান ও অধ্যাপক রেজওয়ানুল হক খান পদত্যাগ করেছেন।

গত মঙ্গলবার দুই স্টক এক্সচেঞ্জের এমডিদের বিএসইসির পক্ষ থেকে স্বতন্ত্র সব পরিচালককে পদত্যাগের বিষয়ে মৌখিকভাবে নির্দেশনা দেয়া হয়। বিএসইসির পক্ষ থেকে বলা হয়েছে, যদি মৌখিক নির্দেশনায় এসব পরিচালক স্বেচ্ছায় পদত্যাগ না করেন, তাহলে তাদের অপসারণের বিষয়ে উদ্যোগ নেবে নিয়ন্ত্রক সংস্থাটি। যেহেতু স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালকরা সমাজের সম্মানিত ব্যক্তি, তাই বিএসইসি শুরুতে তাদের অপসারণ না করে স্বেচ্ছায় পদত্যাগের সুযোগ দিতে এ নির্দেশনা দেয়।