প্রান্তিক জনগণের মধ্যে আর্থিক সাক্ষরতা ও অন্তর্ভুক্তি বৃদ্ধির লক্ষ্যে কর্মশালার আয়োজন করেছে এনআরবিসি ব্যাংক। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ কর্মশালায় দেশের মাঠপর্যায়ের অর্থায়নের চিত্র, সমস্যা, সম্ভাবনা ও নীতি-কৌশল নিয়ে পরিচালিত জরিপের চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান। উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা আইডিইর কান্ট্রি ডিরেক্টর সামির খারকি, নবপল্লব প্রকল্পের চিফ অব পার্টি সেলিনা শেলী খান, আইডিইর সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার ফয়সাল আহমেদ, ড. মো. জাকারিয়া এবং ব্যাংকের রিটেইল ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের প্রধান কাজী মো. শাফায়েত কবীর।

এনআরবিসি ব্যাংক ও নবপল্লব প্রকল্প যৌথভাবে প্রান্তিক জনগণের জীবনমান উন্নয়নের জন্য আর্থিক অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি পরিচালনা করছে। প্রকল্পটির প্রধান আয়োজক কেয়ার বাংলাদেশ, যা ৯টি অংশীদার প্রতিষ্ঠানের সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের চূড়ান্ত বাস্তবায়নের রূপরেখা তৈরিতে সুন্দরবন অঞ্চলে মাঠ পর্যায়ে জরিপ কার্যক্রম চালায় এনআরবিসি ব্যাংক। এতে প্রান্তিক মানুষের ব্যাংকিং সেবা গ্রহণ, ঋণের চাহিদা, ঋণ বিতরণের সীমাবদ্ধতা ও অপ্রাতিষ্ঠানিক খাতের ঋণ কার্যক্রমের চিত্র উঠে আসে।

প্রধান অতিথির বক্তব্যে ড. তৌহিদুল আলম খান বলেন, এনআরবিসি ব্যাংক দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবায় সম্পৃক্ত করতে কাজ করছে। মাত্র ১০, ৫০ বা ১০০ টাকায় ব্যাংক হিসাব খোলাসহ সব ধরনের সেবা দেয়া হচ্ছে। জামানত ছাড়াই সহজ শর্তে ক্ষুদ্র ঋণ দেয়া হচ্ছে, যেখানে নারীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। প্রান্তিক জনগণের জন্য চালু হচ্ছে ‘ন্যানো ক্রেডিট’। ডিজিটাল ব্যাংকিং ও প্লানেট অ্যাপের মাধ্যমে এসব সেবা মানুষের হাতের নাগালে পৌঁছে দেয়া হচ্ছে। —বিজ্ঞপ্তি