পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত রূপালী ব্যাংক পিএলসির চলতি ২০২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) মুনাফা বেড়েছে। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯৪ পয়সা,  আগের বছর একই সময়ে যা ছিল ৭৯ পয়সা। সে হিসাবে ব্যাংকটির সমন্বিত ইপিএস বেড়েছে ১৮ দশমিক ৯৯ শতাংশ। ব্যাংকটির দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস হয়েছে ৪৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪২ পয়সা।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে রূপালী ব্যাংক পিএলসি ঘোষিত ৫ শতাংশ স্টক লভ্যাংশে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আলোচ্য হিসাব বছরে রূপালী ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৫ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৬১ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬ টাকা ৯০ পয়সায়।

চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪৯ পয়সা। আগের বছর একই প্রান্তিকে ছিল ৩৮ পয়সা। সে হিসাবে ব্যাংকটির সমন্বিত ইপিএস বেড়েছে ২৮ দশমিক ৯৫ শতাংশ। গত ৩১ মার্চ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ৭ পয়সায়।

সমাপ্ত ২০২২ হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৬১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ৩৬ টাকা ১০ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৭ টাকা ১৩ পয়সায় (পুনর্মূল্যায়িত)। এ হিসাব বছরেও কোনো লভ্যাংশ দেয়নি ব্যাংকটি।