চীনা কোম্পানি তিয়ানহুই বাটন কোম্পানি লিমিটেড কুমিল্লা রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় (কুমিল্লা ইপিজেড) একটি গার্মেন্ট অ্যাকসেসরিজ কারখানা স্থাপন করতে যাচ্ছে। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং তিয়ানহুই বাটন কোম্পানি লিমিটেডের মধ্যে এ লক্ষ্যে গতকাল ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং তিয়ানহুই বাটন কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান উইরং নি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) আ স ম জামশেদ খোন্দকার, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক মসিহ্উদ্দিন বিন মেসবাহ এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম আনোয়ার পারভেজসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি