চীনে গত মাসে তামা আমদানি লক্ষণীয় মাত্রায় কমেছে। এর পেছনে প্রধান প্রভাবকের ভূমিকা পালন করেছে দুর্বল চাহিদা। সংশ্লিষ্টরা বলছেন, কভিড-১৯ ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে চীনে কঠোর লকডাউনসহ নানা বিধিনিষেধ চলছে। এ কারণে দেশটিতে তামার চাহিদা নিম্নমুখী। গত মে মাসের পর এবারই প্রথম আমদানি কমার ঘটনা ঘটল। খবর রয়টার্স।

চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস জানায়, অক্টোবরে দেশটি সব মিলিয়ে ৪ লাখ ৪ হাজার ৪১৪ টন তামা ও তামাজাত পণ্য আমদানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আমদানি কমেছে ১ দশমিক ৫ শতাংশ। গত বছরের অক্টোবরে আমদানির পরিমাণ ছিল ৪ লাখ ১০ হাজার ৫৪১ টন।

সংশ্লিষ্টরা জানান, গত মাসে চীনে ধাতব পণ্যের কারখানাগুলোর কার্যক্রম কিছুটা নিম্নমুখী ছিল। বৈশ্বিক চাহিদা কমে যাওয়া ও কভিডজনিত বিধিনিষেধের কারণে এসব কারখানা কর্মপরিসর সংকুচিত করে ফেলে।

এদিকে এক বছরের ব্যবধানেই নয়, এ বছরের সেপ্টেম্বরের তুলনায়ও আমদানি কমেছে। সেপ্টেম্বরে দেশটি আমদানি করে ৫ লাখ ৯ হাজার ৯৫৪ টন। সে হিসাবে আমদানি কমেছে ২০ দশমিক ৭ শতাংশ।