দেশের পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন সময়সূচি অনুসারে চলতি সপ্তাহের প্রথম তিন কার্যদিবস রবি থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল ১০টা থেকে বেলা ২ পর্যন্ত ৪ ঘণ্টা লেনদেন হবে পুঁজিবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার দুদিন পুঁজিবাজারে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ৩ ঘণ্টা লেনদেন হয়েছে।

গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ২৮-৩০ জুলাই পর্যন্ত এ সময়সূচি কার্যকর থাকবে। এর পরিপ্রেক্ষিতে ব্যাংকিং লেনদেনের সময়সূচি সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় দেশের পুঁজিবাজারে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত লেনদেনের সময়সূচি নির্ধারণ করেছে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। এক্ষেত্রে সকাল ১০টা থেকে বেলা ১টা ৫০ মিনিট পর্যন্ত সরাসরি লেনদেন হবে পুঁজিবাজারে। আর বেলা ১টা ৫০ মিনিট থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন।

এ বিষয়ে জানতে চাইলে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্তিক আহমেদ শাহ বণিক বার্তাকে বলেন, ‘সরকারের পক্ষ থেকে অফিসের সময়সূচি বাড়ানোর কারণে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে ৪ ঘণ্টা লেনদেন চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

ˆকাটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সংঘাতময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৯ জুলাই রাতেই কারফিউ জারি করে সরকার। পাশাপাশি ২১-২৩ জুলাই পর্যন্ত নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এছাড়া এ সময়ে ব্যাংক লেনদেন বন্ধ থাকার পাশাপাশি ইন্টারনেট সংযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর প্রভাবে তিনদিন পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকে। পরে ২৪ ও ২৫ জুলাই সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়। এর মধ্যে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়। একই সময়ে বাণিজ্যিক ব্যাংকের লেনদেন চালুর ঘোষণা আসে। তাছাড়া অফিশিয়াল ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত সপ্তাহের শেষ দুই কার্যদিবস বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

সাইবার হামলার শঙ্কায় বন্ধ ডিএসইর ওয়েবসাইট: সাইবার হামলার শঙ্কায় দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর ওয়েবসাইট গত শুক্রবার রাতেই বন্ধ করে দেয়া হয়। সরকারের কাছ থেকে সাইবার হামলার সতর্কতা পাওয়ার পর এক্সচেঞ্জটির কর্তৃপক্ষ ওয়েবসাইট বন্ধ করে দেয়। আজ লেনদেন শুরুর আগে ওয়েবসাইট চালু করা হবে বলে জানিয়েছে ডিএসই। অবশ্য দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট এ সময় চালু ছিল। 

জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ওয়েবসাইটে সাইবার হামলার আশঙ্কার বিষয়ে সরকারের কাছ থেকে সতর্কবার্তা পায় ডিএসই কর্তৃপক্ষ। এরপর এক্সচেঞ্জটির ওয়েবসাইট বন্ধ করে দেয়া হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েবসাইটটি বন্ধ ছিল। আজ লেনদেন শুরুর আগে ওয়েবসাইট খুলে দেয়া হবে বলে ডিএসই জানিয়েছে। 

এ বিষয়ে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্তিক আহমেদ শাহ বণিক বার্তাকে বলেন, ‘সাইবার হামলার সতর্কবার্তা পাওয়ার পর আমরা ওয়েবসাইট বন্ধ রেখেছি। লেনদেন চালুর আগে এটি খুলে দেয়া হবে।’ প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংকসহ সরকারি বেশকিছু প্রতিষ্ঠানের ওয়েসবাইট হ্যাক করা হয়েছিল।