আন্তর্জাতিক এমএসএমই দিবস (২৭ জুন) উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন উদ্যোগের মাধ্যমে দিবসটি উদযাপন করেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি (এমএসএমই) খাতের অবদানকে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য।

জুন মাসের শুরুতে, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদের অংশগ্রহণে সদ্য প্রকাশিত মাস্টার সার্কুলার নিয়ে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। এমএসএমই খাতের জন্য প্রাসঙ্গিক হালনাগাদ নীতিমালা ও আর্থিক কাঠামো সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, যথাযথ বিশ্লেষণ এবং বাস্তবিক প্রয়োগে দক্ষতা বৃদ্ধির ওপর এই কর্মশালায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সম্প্রতি আইপিডিসির ১৭টি শাখায় একযোগে আন্তর্জাতিক এমএসএমই দিবস পালিত হয়েছে। প্রতিটি শাখাতেই আইপিডিসির কর্মীরা ও এমএসএমই গ্রাহকদের সক্রিয় অংশগ্রহণ ছিল।

এ সময় প্রতিটি শাখা রঙিন বেলুন ও ব্যানার দিয়ে সাজানো হয়। সবাই একসঙ্গে কেক কেটে পারস্পরিক সাফল্য ও দীর্ঘমেয়াদি সম্পর্ক সুদৃঢ় করার আশা প্রকাশ করেন। একই সঙ্গে বিভিন্ন শাখায় প্রশিক্ষণ সেশনও আয়োজন করা হয়। এতে উপস্থিত সবাই আর্থিক জ্ঞান ও নিয়মনীতি সম্পর্কে আরো সচেতন হতে পারবেন।

আয়োজন প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, এই দিনটি দেশের এমএসএমই খাতের অবদান ও উদ্ভাবনের কথা মনে করিয়ে দেয়। উদ্যোক্তাদের আর্থিক সহযোগী হতে পেরে আইপিডিসি গর্বিত। মাসজুড়ে এই আয়োজন তাদের কল্যাণ ও অগ্রগতির প্রতি আমাদের প্রতিশ্রুতিকে তুলে ধরছে।

এমন উদ্যোগ গ্রহণের মাধ্যমে আইপিডিসি ফাইন্যান্স বাংলাদেশে এমএসএমই খাতের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছে। পাশাপাশি এমন একটি আর্থিক পরিবেশ তৈরি করছে, যেখানে উদ্যোক্তারা যথাযথ জ্ঞান, সুযোগ ও সুবিধার মাধ্যমে সামনে এগিয়ে যেতে পারেন।

—বিজ্ঞপ্তি