কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ২০২৬ এ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। আজ বৃহস্পতিবার (১৯ জুন) প্রকাশিত এ র্যাংকিংয়ে এনএসইউ বিশ্বব্যাপী ৯৫১-১০০০ ব্যান্ডে স্থান পেয়েছে।
চলতি বছরে কিউএস বিশ্বের ১৪৩টি দেশের ৪ হাজার ১৫০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে র্যাংকিং প্রকাশ করেছে। বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে এনএসইউর অবস্থান তৃতীয় হলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটি শীর্ষস্থান লাভ করেছে।
কয়েকটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে শীর্ষস্থান অর্জন করেছে এনএসইউ। এর মধ্যে প্রথম স্থানে রয়েছে নিয়োগকর্তাদের কাছে সুনাম ও আন্তর্জাতিক শিক্ষক সংখ্যা। একাডেমিক খ্যাতি ও কর্মসংস্থানের ক্ষেত্রে ফলাফলে তৃতীয়, টেকসই উন্নয়ন ক্যাটাগরিতে চতুর্থ এবং আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক, আন্তর্জাতিক শিক্ষার্থী ও শিক্ষার্থীদের বৈচিত্র্যের দিক থেকে পঞ্চম স্থান অর্জন করেছে। এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে দশম ও শিক্ষকপ্রতি সাইটেশনের ভিত্তিতে একাদশ অবস্থান পেয়েছে এনএসইউ।
এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেন, এ অর্জন আমাদের সবার কঠোর পরিশ্রমের ফল। নর্থ সাউথ পরিবারের সবাইকে ধন্যবাদ জানাই। এই স্বীকৃতি আমাদের ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থায় দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক প্রভাব রাখবে। —বিজ্ঞপ্তি










