অসহায় বন্যা দুর্গতদের সহায়তায় এগিয়ে আসার জন্য ব্যবসায়ী সমাজকে আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

সম্প্রতি অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুমিল্লা, নোয়াখালি, চট্টগ্রামসহ দেশের ৮টি জেলা ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে। বিস্তীর্ণ এলাকার জমি-জমা, গ্রাম ও সড়ক প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢল ও বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক এ বন্যায় মানুষজন এক মানবেতর জীবনযাপন করছে। তাদের জান-মালসহ ফসল ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হচ্ছে।

এমন পরিস্থিতিতে পানিবন্দি লক্ষাধিক অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য সব চেম্বার, অ্যাসোসিয়েশনসহ ব্যবসায়ী নেতাদেরকে যার যার জায়গা থেকে সহায়তার হাত বাড়িয়ে দেয়ার জন্য এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম অনুরোধ জানিয়েছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি এ আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি।