স্মার্ট ও ডিজিটাল ক্যাম্পাস গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে ‘ইউএপি ওয়ানকার্ড’ চালু করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)। ডিজি ইনফোটেক লিমিটেডের সহযোগিতায় চালু হওয়া এ সমন্বিত ডিজিটাল ক্যাম্পাস সলিউশনের আওতায় পরিচয়পত্র, ক্যাম্পাস সেবা, ক্যাশলেস পেমেন্ট ও ডিজিটাল ক্রেডেনশিয়াল ব্যবস্থাপনাকে একটি প্লাটফর্মে যুক্ত করা হয়েছে। ইউএপির ৩০ বছর পূর্তি উপলক্ষে গতকাল রাজধানীর গ্রিন রোডে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ওয়ানকার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ওয়ানকার্ড ব্যবস্থায় একটি ফিজিক্যাল স্মার্ট কার্ডের পাশাপাশি রয়েছে ওয়ানআইডি অ্যাপ, ডিজিপে অ্যাপ, ডিজিপে মার্চেন্ট অ্যাপ ও ওয়ানকার্ড ভল্ট। এর মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যবহারকারীদের পরিচয়, অর্থ লেনদেন ও বিভিন্ন ডিজিটাল নথি ব্যবস্থাপনা একই প্লাটফর্মের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে।

ওয়ানআইডি অ্যাপের মাধ্যমে ডিজিটাল পরিচয় ও ক্রেডেনশিয়াল ব্যবস্থাপনা করা যাবে। আর ডিজিপে অ্যাপ ব্যবহার করে অ্যাকাউন্ট ব্যবস্থাপনা ও ক্যাশলেস পেমেন্ট করা যাবে। অংশগ্রহণকারী মার্চেন্টরা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করতে পারবেন।

এছাড়া ওয়ানকার্ড ভল্টে সার্টিফিকেট, পরিচয়পত্র, এনরোলমেন্ট লেটার ও ট্রান্সক্রিপ্টের মতো যাচাইকৃত নথি নিরাপদে সংরক্ষণের সুবিধা থাকবে। প্রাথমিক পর্যায়ে ওয়ানকার্ডের আওতায় অ্যাটেনডেন্স, লাইব্রেরি, ক্যান্টিন, ডিজিটাল পরিচয় ও ক্রেডেনশিয়াল সেবা যুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে এর সঙ্গে আরো ক্যাম্পাস সেবা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জাবিউল্লাহ বলেন, ‘উচ্চ শিক্ষায় ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে ইউএপি ওয়ানকার্ড একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরো দক্ষ ও শিক্ষার্থীবান্ধব করতে নিরাপদ ও প্রযুক্তিনির্ভর সেবার ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করতে হবে।’

ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কেএম মোজিবুল হক বলেন, ‘ওয়ানকার্ড বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিগত অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ উদ্যোগের মাধ্যমে ইউএপির ডিজিটাল সেবা শক্তিশালী হওয়ার পাশাপাশি আধুনিক ও সংযুক্ত ক্যাম্পাস পরিবেশ গড়ে উঠবে।‘

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া। তিনি বলেন, ‘ওয়ানকার্ডে ডিজিটাল পরিচয়, পেমেন্ট ও ক্রেডেনশিয়াল ব্যবস্থাপনাকে একই প্লাটফর্মে যুক্ত করা হয়েছে। এতে দৈনন্দিন ক্যাম্পাস কার্যক্রম আরো সহজ, দ্রুত ও কার্যকর হবে।’

অনুষ্ঠানে ওয়ানকার্ডের বিভিন্ন সেবা নিয়ে ভিডিও প্রদর্শন করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে ডিজি ইনফোটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদ মাহমুদ ওয়ানকার্ডের প্রযুক্তিগত দিক, ওয়ানআইডি, ডিজিপে, ওয়ানকার্ড ভল্ট ও সমন্বিত পেমেন্ট ব্যবস্থা নিয়ে বিস্তারিত তুলে ধরেন। ভবিষ্যতে প্লাটফর্মটির সঙ্গে আরো বিভিন্ন সেবা যুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি।