বিভিন্ন শিল্প খাতে ৬০০-এর বেশি পদে ২ হাজার ৫০০-এর বেশি চাকরিপ্রার্থীদের নিয়োগের সুযোগ নিয়ে ১৩০টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশগ্রহণ করতে যাচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত ‘জব উৎসব ২০২৪’-এ।
২ দিনব্যাপী সাভারের বিরুলিয়ায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ আয়োজনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৯ ও ৩০ নভেম্বর।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) খালেদা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিআইইউ-এর প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। আরো থাকবেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম এবং মাইক্রোসফটের (বাংলাদেশ, ভুটান, নেপাল) ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ ফারুক।
এ উৎসবের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে নিয়োগকর্তাদের মধ্যে একটি সেতুবন্ধন সৃষ্টি হবে এবং চাকরিপ্রার্থীরাও তাদের নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারবে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং তরুণ চাকরিপ্রার্থীদের কর্মজীবন শুরু করার একটি প্লাটফর্ম হিসেবে কাজ করবে ‘জব উৎসব ২০২৪’।
উৎসবে অংশগ্রহণকারীদের দক্ষতা এবং পেশাগত উন্নয়নে সহায়তা করার জন্য এ আয়োজনের অংশ হিসেবে আরো বিভিন্ন কার্যক্রম থাকবে। এর মধ্যে রয়েছে শিল্প খাতের শীর্ষ ব্যক্তিদের কাছ থেকে দৃষ্টিভঙ্গি ও নির্দেশনার জন্য ‘লিডারস টক সেশন’, শিল্প খাতের নতুন ট্রেন্ড নিয়ে আলোচনা করার জন্য তিনটি বিশেষ ‘মাস্টারক্লাস সেশন’, চাকরি প্রার্থীদের পেশাদারত্ব এবং চাকরির জন্য প্রস্তুতি বিষয়ক নির্দেশনা প্রদানের জন্য ‘গ্রুমিং সেশন’, চাকরিদাতাদের সরাসরি সিভি জমা দেয়ার জন্য রয়েছে ‘রিজুমে ড্রপ’ এবং সরাসরি নিয়োগের জন্য ‘অন-স্পট ইন্টারভিউ’-এর ব্যবস্থা রয়েছে।
শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি বজায় রাখতে এবং বিশ্ববাজারের চাহিদার সঙ্গে নিজেদের দক্ষতার সামঞ্জস্য ঘটাতে এ আয়োজনের ব্যবস্থা করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। প্রতিযোগিতামূলক এই বাজারে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি বাস্তবিক অভিজ্ঞতা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে এমনটাই আশা করছে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। —বিজ্ঞপ্তি










