ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় দিনব্যাপী এই আয়োজন হয়। অনুষ্ঠানে প্রবন্ধ প্রতিযোগিতা, রবীন্দ্র ও নজরুল সঙ্গীত পরিবেশনা, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়। শিক্ষার্থীরা রবীন্দ্রনাথ ও নজরুলের সৃষ্টিকর্মের প্রতি তাদের ভালোবাসা ও প্রতিভা প্রকাশের সুযোগ পায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি ও প্রখ্যাত লেখক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। এ সময় তিনি মূল আলোচনা উপস্থাপন করেন।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পরে তাদের হাতে পুরস্কার হিসেবে বই ও সনদ তুলে দেয়া হয়।
এই আয়োজন সফল করতে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করেন। কমিউনিকেশন, আইটি ও প্রশাসন বিভাগ, কালচারাল ক্লাব, ফটোগ্রাফি ক্লাব শাটারবাগস ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা এই আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
এই অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এছাড়াও বাংলা ভাষা ও সংস্কৃতির দুই দিকপাল রবীন্দ্রনাথ ও নজরুলের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
—বিজ্ঞপ্তি










