দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য আড়াই শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। আলোচ্য হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ লভ্যাংশের সুপারিশ করা হয়েছে। এক মূল্যসংবেদনশীল তথ্যে এ সিদ্ধান্ত জানিয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ।
প্রতিবেদন অনুসারে, ২০২৩ হিসাব বছরে লংকাবাংলা সিকিউরিটিজের কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ১১ কোটি ৪৮ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩৩ কোটি ৮৪ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে টাকা ৪৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২৬ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৩৩ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২১ টাকা ২৫ পয়সা।
ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১৫ মে বেলা ১১টা ১৫ মিনিটে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ১৮ এপ্রিল।
এদিকে ২০২৩ হিসাব বছরে এককভাবে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১০ কোটি ৪৯ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩২ কোটি ৯৫ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে এককভাবে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২২ পয়সা। গত বছর শেষে এককভাবে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ৩৩ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২১ টাকা ২৬ পয়সা।










