বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রতিষ্ঠানটির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ইকবাল ইউ আহমেদ। সাবেক চেয়ারম্যান মানোয়ার হোসেনের সফল মেয়াদ শেষে তিনি এই পদের দায়িত্ব গ্রহণ করেন। আজ বৃহস্পতিবার (২৯ মে) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বোর্ড সভায় সর্বসম্মতভাবে তাকে এই পদে মনোনীত করা হয়। এরপর বাংলাদেশ ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ, পরিচালনা পর্ষদের বিভিন্ন সদস্যসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই নেতৃত্ব পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশ ফাইন্যান্স তার অন্তর্ভুক্তিমূলক ও উদ্ভাবনী আর্থিক সমাধান প্রদানের অগ্রযাত্রাকে আরো শক্তিশালী করতে নতুনভাবে যাত্রা শুরু করল।
ইকবাল ইউ আহমেদ বাংলাদেশের ব্যাংকিং ও আর্থিক খাতের একজন সুপরিচিত ব্যক্তিত্ব। ঝুঁকি ব্যবস্থাপনা, নীতিনির্ধারণ ও প্রতিষ্ঠানিক উন্নয়নে তার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ দীর্ঘদিন ধরেই প্রশংসিত হয়ে আসছে। ২০০৩ সালে 'ম্যানেজিং কোর রিস্ক ইন ব্যাংকিং' প্রকল্পে নেতৃত্ব দিয়ে তিনি বাংলাদেশ ব্যাংকের বিশেষ সম্মাননা লাভ করেন।
এছাড়া ২০০৭ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক পত্রিকা ঢাকা পোস্ট তাকে ঢাকা পোস্ট গোল্ড মেডেল ও ২০১৫ সালে গ্লোবাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন, বাংলাদেশ ফাউন্ডেশন তাকে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড প্রদান করে।
একই সঙ্গে প্রতিষ্ঠানটি তাদের সাবেক চেয়ারম্যান মনোয়ার হোসেনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তার নেতৃত্বে বাংলাদেশ ফাইন্যান্স কৌশলগত অগ্রগতি ও স্থিতিশীলতা অর্জন করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
—বিজ্ঞপ্তি










