আন্তর্জাতিক বিজ্ঞাপন অঙ্গনে বড় সাফল্য পেয়েছে স্টারকম বাংলাদেশ। যুক্তরাজ্যভিত্তিক ক্রিয়েটিভপুল অ্যানুয়াল অ্যাওয়ার্ডস ২০২৬-এ স্যামসাংয়ের জন্য তৈরি ‘অ্যান অ্যাড দ্যাট ইরেজেস অ্যাডস’ ক্যাম্পেইনের জন্য দুটি সিলভার অ্যাওয়ার্ড জিতেছে প্রতিষ্ঠানটি। ক্যাম্পেইনটি যে দুটি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে, উভয় বিভাগেই সর্বোচ্চ পুরস্কার সিলভার অর্জন করে।

স্যামসাংয়ের এ সিরিজ স্মার্টফোনের এআই-ভিত্তিক অবজেক্ট ইরেজার ফিচারকে ভিন্নধর্মী উপায়ে তুলে ধরতে ক্যাম্পেইনটি তৈরি করা হয়। ওয়েবসাইটে থাকা বিজ্ঞাপনের অপ্রয়োজনীয় অংশ ব্যবহারকারীদের নিজেদেরই মুছে ফেলার সুযোগ দেয়ার মাধ্যমে বিজ্ঞাপনের মধ্যেই ফিচারটির কার্যকারিতা সরাসরি অভিজ্ঞতার সুযোগ তৈরি করা হয়।

এর আগে একই ক্যাম্পেইনের জন্য কমওয়ার্ড ও ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০২৬-এ নয়টি পুরস্কার পেয়েছে স্টারকম বাংলাদেশ। প্রতিষ্ঠানটি গ্লোবাল স্টারকম নেটওয়ার্কের অংশ হিসেবে পুবলিসিস মিডিয়া ও বিটোপি গ্রুপের সঙ্গে কাজ করছে। ২০২৫ সালেও স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রার ক্যাম্পেইনের জন্য ক্রিয়েটিভপুলে স্বীকৃতি পেয়েছিল স্টারকম বাংলাদেশ।