দেশব্যাপী ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার কারণে কার্যত ডিজিটাল মাধ্যমে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ অবস্থা দীর্ঘায়িত হলে আগামী রোববার দেশের পুঁজিবাজারে লেনদেন চালু থাকবে কিনা এ নিয়ে সংশয় তৈরি হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বলছে, মোবাইল ইন্টারনেট না থাকলে মোবাইল অ্যাপসের মাধ্যমে লেনদেন করা সম্ভব হবে না। তবে ব্রোকারেজ হাউজের মাধ্যমে লেনদেন চালু থাকবে।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, ইন্টারনেট না থাকলেও লোকাল এরিয়া নেটওয়ার্কের (ল্যান) মাধ্যমে পুঁজিবাজারে লেনদেন চালু রাখা সম্ভব। ব্রোকারেজ হাউজের সঙ্গে স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সফটওয়্যারের ডেডিকেটেড সংযোগ রয়েছে এবং এক্ষেত্রে ইন্টারনেটের প্রয়োজন হয় না। ফলে বিনিয়োগকারীরা সরাসরি ব্রোকারেজ হাউজে উপস্থিত থাকলে লেনদেন করতে পারবেন। তবে ইন্টারনেট না থাকলে মোবাইল অ্যাপসের মাধ্যমে লেনদেন করা সম্ভব হবে না।
এ বিষয়ে জানতে চাইলে ডিএসইর চেয়ারম্যান ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বণিক বার্তাকে বলেন, ‘ইন্টারনেট না থাকলেও ডিএসইতে লেনদেন চালু রাখতে সমস্যা নেই। মোবাইল অ্যাপসের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে ইন্টারনেট না থাকলে সমস্যা হবে।’
লেনদেন চালু রাখতে কোনো সমস্যায় পড়তে হবে না উল্লেখ করে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার বণিক বার্তাকে বলেন, ‘স্টক এক্সচেঞ্জের ট্রেডিং প্লাটফর্মের সঙ্গে ব্রোকারেজ হাউজগুলোর ডেডিকেটেড সংযোগ থাকার কারণে লেনদেন চালু রাখার ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তার পরও আমরা বিষয়টি আজ পর্যালোচনা করে দেখব।’










