বিদেশী বিনিয়োগকারীদের, বিশেষ করে চীনা ব্যবসায়ীদের জন্য, উন্নত ও বিশেষায়িত ব্যাংকিং এবং আর্থিক পরামর্শমূলক সেবা প্রদানের লক্ষ্যে ব্র্যাক ব্যাংক হুইসিডা কনসালটেন্সি অ্যান্ড সার্ভিস বিডি লিমিটেডের (এইচসিএসএল) সঙ্গে একটি পার্টনারশিপ চুক্তি করেছে। আজ সোমবার (১৮ জুন) এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এ অংশীদারত্বের মাধ্যমে, দক্ষ, ক্লায়েন্ট-কেন্দ্রিক ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে ব্র্যাক ব্যাংক এবং হুইসিডা কনসালটেন্সি বাংলাদেশে বিদেশী বিনিয়োগ সহজতর করবে।
হুইসিডা কনসালটেন্সি বাংলাদেশে ব্যবসা পরিচালনাকারী চীনা ব্যবসা প্রতিষ্ঠানকে স্থানীয় বিভিন্ন সেবা ও পরামর্শ প্রদান করে থাকে। অন্যদিকে ব্র্যাক ব্যাংকের করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশনের পরিচালিত ডেডিকেটেড চায়না ডেস্ক চীনের করপোরেট প্রতিষ্ঠানের চাহিদা অনুসারে ব্যাংকিং সেবা প্রদান করে।
চায়না ডেস্ক চীনের করপোরেট ক্লায়েন্টদের জন্য ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজারদের নিয়োগ করেছে, যারা পেশাদারত্বের সঙ্গে ব্যাংকিং লেনদেন, রেগুলেটরি কমপ্লায়েন্স ও অ্যাকাউন্ট সার্ভিসসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যাংকিং সেবা প্রদান করে।
ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষর করেন ব্যাংকের হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং এ কে এম ফয়সাল হালিম এবং হুইসিডা কনসালটেন্সির ম্যানেজিং ডিরেক্টর চাও চংচং।
এ পার্টনারশিপ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘বিদেশী বিনিয়োগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে, আমরা ব্যবহারিক এবং খাত-নির্দিষ্ট ব্যাংকিং সেবা দেয়ার ওপর জোর দিয়েছি। এই পার্টনারশিপ চীনের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে দক্ষতার সঙ্গে পরিচালনা করতে এবং নিশ্চিন্তে বিনিয়োগ করতে সহায়তা করার আমাদের প্রচেষ্টাকে আরো শক্তিশালী করবে।’ এই সহযোগিতা ব্র্যাক ব্যাংকের আন্তঃসীমান্ত পার্টনারশিপ সক্ষম করার এবং বাংলাদেশে বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে খাপ খাইয়ে বিশেষায়িত আর্থিক সেবা প্রদানের প্রতিশ্রুতি আরো জোরদার করেছে। —বিজ্ঞপ্তি










