দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাহী পরিষদ নির্বাচনের জন্য নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার (৩ জুন) এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) মো. আব্দুর রাজ্জাক। বোর্ডের অপর দুই সদস্য হলেন যুগ্মসচিব (আইআইটি-২ অধিশাখা) মিজ মুর্শেদা জামান ও যুগ্মসচিব (ডব্লিউটিও-৩ অধিশাখা) মুস্তাফিজুর রহমান।
এছাড়া, নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রফতানি) মো. আব্দুর রহিম খানকে। এই বোর্ডের অন্য সদস্যরা হলেন যুগ্মসচিব (প্রশাসন-২ অধিশাখা) তানভীর আহমেদ ও উপসচিব (রফতানি-৪ শাখা) ড. মো. রাজ্জাকুল ইসলাম।










