মহাত্মা গান্ধীর একটি বিরল তৈলচিত্র আগামী মাসে লন্ডনে নিলামে তোলা হচ্ছে। ১৯৩১ সালে যুক্তরাজ্যে আঁকা এই চিত্রটি ব্রিটিশ শিল্পী ক্লেয়ার লেইটনের সৃষ্টি। বোনহামস নিলাম ঘর জানিয়েছে, এটি সম্ভবত গান্ধীর একমাত্র তৈলচিত্র যেটির জন্য তিনি শিল্পীর সামনে বসেছিলেন।
গান্ধী ১৯৩১ সালে লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দিয়েছিলেন, যেখানে ভারতের সাংবিধানিক সংস্কার ও স্বায়ত্তশাসনের দাবি নিয়ে আলোচনা হয়েছিল। সেই সময়ই এই প্রতিকৃতি তৈরি করা হয়। শিল্পীর প্রপৌত্র ক্যাসপার লেইটন বিবিসিকে বলেন, ‘এটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিত্র। এটি ভারত বা অন্য কোথাও প্রদর্শিত হলে দর্শকরা এটি উপভোগ করতে পারতেন।’
ক্লেয়ার লেইটন গান্ধীর অফিসে প্রবেশের অনুমতি পাওয়া কয়েকজন শিল্পীদের মধ্যে অন্যতম। লেইটন তার জীবনসঙ্গী ও ব্রিটিশ সাংবাদিক হেনরি নোয়েল ব্রেইলসফোর্ডের (যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের সমর্থক ছিলেন) মাধ্যমেই গান্ধীর সঙ্গে পরিচিত হন। ১৯৩১ সালের নভেম্বরে লন্ডনের অ্যালবানি গ্যালারিতে এই চিত্রটি প্রদর্শিত হয়েছিল। যদিও গান্ধী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না, তবে ভারতীয় প্রতিনিধিদলের সদস্যরা সেখানে ছিলেন, যার মধ্যে অন্যতম ছিলেন স্বাধীনতা সংগ্রামী সরোজিনী নাইডু।
১৯৭০-এর দশকে যুক্তরাষ্ট্রে এই চিত্রটি প্রদর্শনীর সময় আক্রমণের শিকার হয় বলে জানা যায়। এক ডানপন্থী হিন্দু ওই আক্রমণ করেছিলেন।
জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে বোনহামসে এই চিত্রটি নিলামে উঠবে। শিল্পপ্রেমী ও ইতিহাসবিদদের কাছে এটি একটি মূল্যবান স্মারক হয়ে থাকবে।










