যুক্তরাষ্ট্রের শিকাগোতে একটি ভবনের
সঙ্গে সংঘর্ষে কমপক্ষে এক হাজার পাখি মারা গেছে। শীতের মৌসুমকে সামনে রেখে দেশটির দক্ষিণাঞ্চলে
যাচ্ছিল এ পাখির ঝাঁক। গত ৫ অক্টোবরের ওই ঘটনায় মৃতের সংখ্যা আরো বেশি অনুমান সংশ্লিষ্টদের।
এ ঘটনা একক উদাহরণ হিসেবে সর্বোচ্চ হলেও বিশেষজ্ঞরা বলছেন, আলো দূষণে বছরের কোটি কোটি
পাখি মারা যায়। খবর দ্য গার্ডিয়ান।
উত্তর আমেরিকার বৃহত্তম কনভেনশন সেন্টার
ম্যাককর্মিক প্লেস। বেশির ভাগ অংশ কাচে ঢাকা এ ভবনের দেড় মাইলের মধ্যে ছড়িয়ে থাকা পাখির
মৃতদেহ উদ্ধার করছেন স্বেচ্ছাসেবকরা।
মৃতের সংখ্যা আরো বেশি বলে জানান শিকাগো
বার্ড কলিসন মনিটরসের পরিচালক অ্যানেট প্রিন্স। তিনি বলেন, এটি আইসবার্গের ডগামাত্র।
বিপুল পরিমাণ পাখি মৃত ও আহত অবস্থায় খুঁজে পেয়েছি আমরা।
একদিনে একই ভবনের সঙ্গে ধাক্কা লাগার
ক্ষেত্রে এ দলে রেকর্ড সর্বোচ্চ পাখি ছিল বলেও জানান তিনি।
ধারণা করা হচ্ছে, ওইদিন কুক কাউন্টির
আকাশে উড়েছিল ১৫ লাখ পাখি। এদের মধ্যে ছিল টেনেসি ওয়ারব্লার, হারমিট থ্রাশ, আমেরিকান
উডকক ও অন্যান্য জাতের সংবার্ড।
জানালার সঙ্গে পাখির সংঘর্ষ নিয়ে ওয়েস্টার্ন
অন্টারিও ইউনিভার্সিটিতে গবেষণা করছেন ব্রেন্ডন স্যামুয়েলস। তিনি বলেন, আমরা প্রায়শই
দেখি পাখিরা কাচের সঙ্গে ধাক্কা পাচ্ছে ও উড়তে থাকে। তাদের আঘাত এতটা গুরুতর যে শেষ
পর্যন্ত কয়েক ঘণ্টার বেশি বাঁচতে পারে না।
আরো জানান, শিকাগো শহরের কেন্দ্রস্থল
থেকে পাখি সংগ্রহ করা হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে মৃতের প্রকৃত সংখ্যা জানা যাবে।
সাধারণত শীত ও বসন্তকালে শীর্ষ স্থানান্তরের
সময় একটি ছোট ভৌগলিক অঞ্চলে প্রচুর সংখ্যক পাখি মারা যায়। প্রতিকূল বাতাস, বৃষ্টি
ও কুয়াশার মতো আবহাওয়ার পরিস্থিতি পাখিদের জন্য লক্ষ্য ঠিক রাখা কঠিন করে তোলে। এছাড়া
শহরের আলো দূষণ তাদের আকৃষ্ট করতে পারে। যার কারণে তারা বিভিন্ন কাঠামোর সঙ্গে ধাক্কা
খায়।
আমেরিকান বার্ড কনজারভেন্সির ব্রায়ান
লেনজ বলেছেন, যেখানেই কাচ আছে, সেখানেই পাখিরা জানালায় আঘাত করবে। প্রতি বছর এ ধরনের
সংঘর্ষে ১০০ কোটি পাখি মারা যায়।
যুক্তরাষ্ট্রের শহরগুলোর শিকাগোর আলো
দূষণ পরিযায়ী পাখিদের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। ভবনের বাতি বন্ধ রাখা এ ধরনের
মৃত্যু কমানোর অন্যতম উপায়। দুর্ঘটনাস্থল শিকাগোর ম্যাককরমিক প্লেসে ২০২১ সালের একটি
সমীক্ষায় দেখা গেছে, বড় ভবনে অর্ধেক বাতি বন্ধ রাখলে সংঘর্ষ ছয় থেকে ১১ গুণ কমে
যেতে পারে। লাইটস আউট শিকাগো প্রোগ্রামের অন্যতম অংশগ্রহণকারী ম্যাককরমিক প্লেস। যেখানে
ভবনের ভেতরে কেউ না থাকলে রাতের বেলায় ভবনের আলো বন্ধ বা মলিন হয়ে যায়।
বিশেষজ্ঞরা বলেন, বিন্দু বা প্যাটার্নের
মতো ভিজ্যুয়াল মার্কারসহ জানালার কাচ থাকলে প্রতিফলনের চেহারা ভেঙে যেতে পারে। এতে
পাখিরা বুঝতে পারে সামনে উড়ে যাওয়ার জন্য নিরাপদ পথ আছে কিনা। ২০২০ সালে একটি পাখি-বান্ধব
নকশা অধ্যাদেশ অনুমোদন করেছিল শিকাগো। কিন্তু এটি এখনো কার্যকর হয়নি।










