নানা বিতর্কে জেরবার তবুও রাইড শেয়ারিং অ্যাপ হিসেবে উবার এখনো জনপ্রিয়। গাড়ি, মোটরসাইকেল এমনকি থ্রি-হুইলারও এখন উবারে চলে। এরই মধ্যে আকাশ পরিবহন সেবা চালুর উদ্যোগ নিয়েছে এ মার্কিন কোম্পানি। তবে উবারের আরেকটি সেবা খুব কমই আলোচনায় এসেছে- সেটি হলো বোট সার্ভিস! হ্যাঁ, আক্ষরিক অর্থেই ছোট পরিসরে হলেও এ সেবা চালু করেছে উবার। এরই মধ্যেই ক্রোয়েশিয়া, তুরস্ক, নাইজেরিয়া ও ভারতে এ সেবা দেয়া হচ্ছে। মূলত বিশ্বের ব্যস্ততম শহরগুলোতে ট্রাফিক জ্যামের একটি সমাধান হিসেবে এ নৌ-পরিবহন সেবা চালুর উদ্যোগ নিয়েছে উবার।
উবার সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে স্পিডবোট সার্ভিস চালু করে ক্রোয়েশিয়ার পর্যটন এলাকায়। ২০১৭ সালের জুনে দেশটির আদ্রিয়াতিক উপকূলে উবারের প্রথম স্পিডবোট সেবার যাত্রা শুরু হয়। একেকটি স্পিডবোট ১২ জন আরোহী নিতে পারে। উবার অ্যাপের মাধ্যমে পর্যটকরা বোট ভাড়া করতে পারেন। এর আগে তুরস্কের ইস্তাম্বুল এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতেও একই ধরনের সেবা চালু করেছে উবার। তবে সমুদ্র উপকূলে এমন সেবা ক্রোয়েশিয়াতেই প্রথম। মূলত একটি বড় টুরিস্ট স্পট ঘুরে দেখতে বা কাছাকাছি টুরিস্ট স্পটগুলোর মধ্যে আন্তঃযোগাযোগের জন্য এসব স্পিডবোট ব্যবহার করা হয়। যদিও এসব এলাকায় স্থানীয়ভাবে ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্যোগে এ ধরনের সেবা আগে থেকেই চালু আছে।
তাছাড়া নির্দিষ্ট কিছু অনুষ্ঠান ও উৎসবকে কেন্দ্র করে অস্থায়ীভাবে বাল্টিমোর, বোস্টন, কায়রো, কিয়েভ এবং ফ্রান্সের কানে বোট সার্ভিস চালু করেছিল উবার। কানের অন্তত তিনটি চলচ্চিত্র উৎসবে হেলিকপ্টার সেবাও দিয়েছে কোম্পানিটি।
ক্রোয়েশিয়ার সমুদ্র উপকূলে উবারের স্পিডবোট
কর্মস্থলের সংস্কৃতি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদত্যাগে বাধ্য হন। এছাড়া উবারের চালকদের হাতে যাত্রী হয়রানি এমনকি ধর্ষণের মতো ঘটনাও ঘটেছে। এ নিয়ে পুঁজিবাজারেও তোপের মুখে আছে কোম্পানিটি। ইউরোপের একাধিক শহরে এ কোম্পানির সেবা বন্ধ করে দেয়া হয়েছে। এ পরিস্থিতিতে নতুন নতুন সেবা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে উবার। এর মধ্যে অন্যতম একটি নৌকা সার্ভিস।
ক্রোয়েশিয়ায় সফল হলে গ্রিস, স্পেন, থাইল্যান্ড এবং ক্যারিবীয় অঞ্চলেও এ সেবা চালু করবে বলে ঘোষণা দিয়েছে উবার। এ সেবার নাম দেয়া হয়েছে ‘উবার বোট’। ক্রোয়েশিয়ায় উবারবোট সেবায় ৮ আসনের একটি স্পিডবোটে ভ্রমণে ন্যূনতম ভাড়া গুণতে হয় প্রায় ৫৩ ডলার। আর প্রতি কিলোমিটারে ৫ দশমিক ৭৫ ডলার এবং প্রতি মিনিট ৫০ সেন্ট। যেখানে স্থানীয় ফেরিতে খরচ পড়ে এর অর্ধেকেরও কম।
নাইজেরিয়ার লাগোসে উবারের ফেরি সেবা চালু হয় গত বছরের অক্টোবরে
গত বছরের অক্টোবরে উবারবোট সার্ভিস চালু হয়েছে নাইজেরিয়ার ব্যস্ততম শহর বাণিজ্যিক রাজধানী লাগোসে। এখানে অবশ্য স্থানীয় ফেরির অর্ধেক ভাড়ায় সেবা দেয় উবার। একটি বোটের ধারণক্ষমতা ৩৫ জন। দুই কোটির বেশি জনসংখ্যার শহর লাগোসের রাস্তাঘাট খুব খারাপ। প্রতিদিন দীর্ঘ যানজট লেগে থাকে। রাস্তার জট সামলাতে কর্তৃপক্ষ নৌ-চলাচলকে উৎসাহিত করছে। এরই মধ্যে শহরে মোটরসাইকেল ও থ্রি-হুলার রাইড শেয়ার নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। এতে বিপুল সংখ্যক মানুষ কাজ হারিয়েছে। একাধিক রাইড শেয়ার কোম্পানির বিনিয়োগ ঝুঁকিতে পড়েছে। তবে নৌকা সার্ভিসে নতুন সম্ভাবনা দেখছে শহরের অন্যতম বৃহৎ মোটরসাইকেল রাইড শেয়ার স্টার্টআপ গোডাকা। স্টার্টআপটি এখন নৌকা রাইড শেয়ার ব্যবসায় নামার চিন্তাভাবনা করছে।
অবশ্য লাগোসে উবারের আগমনের আগেই স্থানীয় একাধিক মোটরসাইকেল রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পশ্চিম আফ্রিকায় নৌকা রাইড শেয়ারিং সেবা চালুর উদ্যোগ শুরু করে দিয়েছে।
মুম্বাইয়ে চালু হয়েছে উবারের স্পিডবোট সেবা
গত বছরের ফেব্রুয়ারিতে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে স্পিডবোট সার্ভিস চালু করেছে উবার। ছয় থেকে আট আসনের বোটের ভাড়া শুরু ৫ হাজার ৭০০ রুপি থেকে। তবে আপাতত পুরো বোট ভাড়া দেয়া হয়। আলাদা করে দুয়েকটি আসন বিক্রি করা হয় না।
সূত্র: উবার, নিউইয়র্ক টাইমস, সিএনএন










