খাঁচার ভেতরে সিংহ বিনোদনের খোরাক। কিন্তু
খাঁচার বাইরেই ভয়াবহ আতঙ্কের নাম! ব্যাপারটা আরেক দফা প্রমাণ হলো অস্ট্রেলিয়ার টারোঙ্গা
চিড়িয়াখানায়। কয়েকটি সিংহ খাঁচা ছাড়া হওয়ার খবরেই চারদিকে শুরু হয় হুড়োহুড়ি।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, আজ বুধবার স্থানীয়
সময় ভোর সাড়ে ছয়টার দিকে খাঁচা থেকে বের হয়ে কিছুক্ষণের জন্য পাঁচটি সিংহ তটস্থ করে
রেখেছিল কর্তৃপক্ষকে।
ওই দলে ছিল একটি প্রাপ্তবয়স্ক এবং বাকি চারটি
শাবক। অবশ্য দ্রুত সময়ের মধ্যে তাদের খাঁচায় ফেরত নেয়া হয়েছে। এ ঘটনায় কেউ আহত হয়নি।
তবে শতভাগ নিরাপত্তা নিশ্চিত হওয়ার আগে পর্যন্ত সিংহের খাঁচার সামনে কাউকে যেতে দেবে
না কর্তৃপক্ষ।
অস্ট্রেলিয়ার চিড়িয়াখানায় খাঁচা থেকে এভাবে
পশু বের হওয়ার ঘটনা বিরল। আজকের এ ঘটনার কোন ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে পরিচালক সাইমন
ডাফি বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তদন্তের আশ্বাস দেন।
স্থানীয় সংবাদমাধ্যমকে সাইমন বলেন, সিংহগুলো
তাদের প্রদর্শনীর জায়গা থেকে বের হয়ে গিয়েছিল। এরপর তাদের দর্শক দাঁড়ানোর বেড়ার কাছে
পাওয়া যায়। যদিও ওই সময় চিড়িয়াখানা বন্ধ ছিল।
সিংহের থাকার জায়গাটুকু ছয় ফুট উঁচু বেড়া
দিয়ে ঘেরা। এরপর দর্শনার্থীদের খাঁচা থেকে নিরাপদ দূরত্বে রাখার জন্য মাঝখানে ফাঁকা
জায়গা রয়েছে। সিংহগুলো সেই ফাঁকা জায়গায় কেন চলে এসেছে, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, সিংহ নিজের
খাঁচা থেকে বের হয়ে আসার দশ মিনিটের মাথায় প্রহরী ঘণ্টা বাজায়। কর্মচারীরা দ্রুত আশপাশের
মানুষজনকে নিরাপদ স্থানে নিয়ে যায়। তবে অল্প সময় পরই চারটি সিংহ স্বাভাবিকভাবে আগের
অবস্থানে ফিরে যায়। তবে একটিকে অচেতন করার প্রয়োজন হয়।
২০০৯ সালে দক্ষিণ সিডনির মোগো চিড়িয়াখানা
থেকে একটি সিংহীর পালিয়ে যায়। নিরাপত্তায় ঝুঁকির কারণে পশুটিকে গুলি করে হত্যা করতে
বাধ্য হন নিরাপত্তারক্ষীরা।










