ভারতের মণিপুর রাজ্যের আট বছর বয়সী জলবায়ু কর্মী লাইসিপ্রিয়া কাঙ্গুজাম। সুইডিশ গ্রেটা থুনবার্গের আগে থেকে সে এ আন্দোলন শুরু করেছেন। তবে গণামধ্যমের নজরে পড়তে দেরি হয়ে গেছে। গণমাধ্যমে তাকে বলা হচ্ছে, ‘ভারতের গ্রেটা’। এ ধরনের তুলনায় বেজায় খেপেছে ছোট্ট কাঙ্গুজাম।

সম্প্রতি মাইক্রো ব্লগিং সাইট টুইটারে একটি সিরিজ টুইটে ক্ষোভ জানিয়েছে কাঙ্গুজাম। সে লিখেছে, আমাকে ভারতের গ্রেটা থুনবার্গ ডাকা বন্ধ করুন। সে আরো বলে, তাদের দু’জনের লক্ষ্য এক হলেও তার আলাদা একটা পরিচয় এবং আলাদা গল্প আছে। তার আন্দোলন শুরু হয় ২০১৮ সালের জুলাই মাসে। ওই সময়কার একটি ভিডিও শেয়ার করে এ টুইট করেছে কাঙ্গুজাত। সেখানে দেখা যাচ্ছে, কাঙ্গুজাম জলবায়ু পরিবর্তন আইন সংসদে পাস করার দাবি জানিয়ে একটি প্ল্যাকার্ড নিয়ে বসে আছে। 

সিরিজ টুইটে কাঙ্গুজাম বলে, আমি আন্দোলন শুরু করি গ্রেটারও আগে, ২০১৮ সালের জুলাই মাসে। ২০১৮ সালের ৪ জুলাই মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের একটি অনুষ্ঠানে আমিই প্রথম বিশ্বনেতাদের সামনে বক্তব্য তুলে ধরি। 

সে বলে, এরপর আমি ‘বাচপান আন্দোলন’ নামে শিশুদের নিয়ে একটি আন্দোলন গড়ে তুলি। এ আন্দোলনের মাধ্যমে জলবায়ুর পরিবর্তন রোধে বিশ্বনেতাদের এখনই ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়। এমনকি এই আন্দোলনের জন্য আমি ২০১৯ সালের ফেব্রুয়ারিতে স্কুলে যাওয়া ছেড়ে দিই। গ্রেড ওয়ানের চূড়ান্ত পরীক্ষার আগে আমি এ সিদ্ধান্ত নিই। তখন আমার বয়স মাত্র সাত বছর। তখন আমি সপ্তাহে একদিন ভারতের পার্লামেন্টের সামনে প্ল্যাকার্ড নিয়ে বসতাম। 

সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গের বর্তমান বয়স ১৭ বছর। সে ২০১৮ সালের আগস্ট থেকে প্রতি শুক্রবার স্কুল কামাই দেয়া শুরু করে। ওই দিন সে সুইডিশ পার্লামেন্টের সামনে প্ল্যাকার্ড নিয়ে বসে থাকতো। 

কাঙ্গুজাম বলে, শৈশব থেকে ব্যাপক ত্যাগ স্বীকার করে আসছে সে। এটি কী শুধু ‘ভারতের গ্রেটা’ এরকম তুলনামূলক একটি বিশেষণ পাওয়ার জন্য! এ ধরনের বিশেষণ তার প্রকৃত গল্পকে আড়াল করে ফেলছে বলে অভিযোগ তার।

কাঙ্গুজাম বলে, যদি আপনি আমাকে ‘ভারতের গ্রেটা’ নামে ডাকেন, তার মানে আপনি আমার গল্পটা ঠিক বলছেন না। বরং আপনি আমার গল্পটি মুছে দিচ্ছেন। 

এসব বক্তব্য দিয়ে টানা পাঁচটি টুইট করেছে কাঙ্গুজাম। সেসব টুইটে মোট ১ লাখ ৩০ হাজারের বেশি লাইক পড়েছে। হাজার হাজার টুইটার ব্যবহারকারী তার সমর্থনে মন্তব্য করেছে। 

গত বছরের ডিসেম্বরে লাইসিপ্রিয়া কাঙ্গুজাম গ্রেটা থুনবার্গের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে লেখে, সে আমার অনুপ্রেরণা। এই দুই জলবায়ু আন্দোলন কর্মী গত বছর মাদ্রিদে অনুষ্ঠিত কপ-২৫ সম্মেলনে মিলিত হয়। সেখানে কাঙ্গুজাম বিশ্বনেতাদের জলবায়ু পরিবর্তন রোধে এখনই পদক্ষেপ নেয়ার আহ্বান জানায়। তার বক্তব্য একাধিক আন্তর্জাতিক প্লাটফর্মে প্রচার পেয়েছে। একাধিকবার কাজের স্বীকৃতিও পেয়েছে সে। ২০১৯ সালে কাঙ্গুজাম ‘ওয়ার্ল্ড চিলড্রেন পিস প্রাইজ’ পায়। 

সূত্র: এনডিটিভি