আজ ২৯ ফেব্রুয়ারি। পৃথিবীর প্রায় ৫০ লাখ মানুষের জন্য আজ একটি বিশেষ দিন। কারণ দীর্ঘ চার বছর পর তারা উদযাপন করছেন তাদের ‘প্রকৃত’ জন্মদিন। 

পরিসংখ্যান বলে, প্রতি ১ হাজার ৪৬১টি শিশুর মধ্যে একজনের জন্মদিন ২৯ ফেব্রুয়ারি। হাতের ১১ আঙ্গুল নিয়ে জন্মগ্রহণের সম্ভাবনার সমান বলা যায়। বর্তমানে প্রায় অর্ধকোটি মানুষের জন্মদিন আজ। এই দলের মানুষদের ইংরেজিতে বলে ‘লিপলিং’ বা ‘লিপার্স’। 

লিপলিংয়ের কিন্তু এমন জন্মদিন নিয়ে কম বিড়ম্বনায় পড়তে হয় না! কতোতম জন্মদিন উদযাপন করা হচ্ছে সে হিসাবে তার বয়স হিসাব করলে বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকে। ফলে অনেকে আগেপিছে না ভেবে লিপলিংদের বয়সের হিসাব ভুয়া সাব্যস্ত করেন। 

অনেকে অবশ্য অধিবর্ষে জন্মের বাড়তি সুযোগও নেয়। তারা বছরে দুইদিনের মধ্যে একটিকে তাদের জন্মদিন বলে চালিয়ে দেয়। বন্ধু ও স্বজনদের কাছ থেকে জন্মদিনের উপহার পাওয়ার লোভ কার না আছে! এরা ২৮ ফেব্রুয়ারি অথবা ১ মার্চে জন্মদিন উদযাপন করে। তবে জন্মদিনের পার্টি দিতে গেলে সাবধান! ক্লাব কর্তৃপক্ষ আপনার আইডি কার্ড দেখে সন্দেহ করতে পারে।

শেষ লিপ ইয়ার বছর ছিল ২০১৬ সাল। এরপর এলো ২০২০। সূর্যের চারদিকে পৃথীবির প্রদক্ষিণের প্রকৃত সময়ের সঙ্গে ক্যালেন্ডারের হিসাবের মিল রাখতেই অধিবর্ষের অবতারণা। শুধু ফেব্রুয়ারি মাসকে একদিন বাড়িয়ে নেয়ার পেছনের কারণ কী? পৃথিবী সূর্যের চার পাশে ঘুরতে সময় লাগে প্রায় ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। কিন্তু যদি ৩৬৫ দিনে বছর ধরা হয় তাহলে চার বছর পর দেখা যায় ২৩ ঘণ্টা ১৫ মিনিট ৮ সেকেন্ড সময় কম পড়ে। এই সমস্যা দূর করার জন্য প্রতি চার বছর পর পর ফেব্রুয়ারি মাসে ১ দিন বাড়িয়ে ২৯ দিন করা হয়। ফেব্রুয়ারি মাসকে বেছে নেয়ার কারণে এ মাস ২৮ দিনে আর অন্যগুলো ৩০ অথবা ৩১ দিন। তথ্যসূত্র: বিবিসি