গল্প শুনছেন ভেবে ভুল হতে পারে। অস্ট্রেলিয়ার ঘন রেইন ফরেস্টের গভীরে পাওয়া গেছে এক অদ্ভুত পোকা। দেখতে হুবহু লাঠির মতো। কিন্তু আকারে বিশাল, আর ওজনেও গলফ বলের সমান! বিজ্ঞানীরা বলছেন, এটাই এখন পর্যন্ত অস্ট্রেলিয়ায় পাওয়া সবচেয়ে ভারী লাঠিপোকা।
নতুন এই প্রজাতির নাম দেয়া হয়েছে অ্যাক্রোফিলা আল্টা। এর দৈর্ঘ্য প্রায় ৪০ সেন্টিমিটার (১৬ ইঞ্চি) আর ওজনে ৪৪ গ্রাম, যা একটি গলফ বলের সমান।
জেমস কুক বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যাঙ্গাস এমোটের নেতৃত্বে পাওয়া এই আবিষ্কার এখন কৌতূহল জাগিয়েছে সবার মাঝে। এমোট বলছেন, এত বড় আকার আসলে এই পোকাটির বাঁচার কৌশল। ঠাণ্ডা আর ভেজা পরিবেশে দীর্ঘ সময় ধরে টিকে থাকার জন্য তারা এভাবেই বিবর্তিত হয়েছে।
এমোট বলেছেন, লাঠিপোকাদের দেহের ওজনই তাদের ঠাণ্ডা পরিবেশে বাঁচতে সাহায্য করে। লাখো বছরের বিবর্তনে তাই তারা হয়ে উঠেছে বড়সড় আকারের কীট।
অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলের ফার নর্থ কুইন্সল্যান্ডের দুর্গম ওয়েট ট্রপিক্স অরণ্যে পাওয়া গেছে এই লাঠিপোকা। এই পাহাড়ি বন এতটাই দুর্গম যে, এত দিন চোখের আড়ালেই রয়ে গিয়েছিল এরা।
গবেষকেরা বলছেন, এই পোকারা সাধারণত থাকে উঁচু বনের চূড়ায়। তাই কারো চোখে তেমন পড়ে না, যদি না ঝড় এসে তাদের নামিয়ে আনে অথবা কোনো এদের পাখি ধরে ফেলে। এই লাঠিপোকার আরো একটি অদ্ভুত বৈশিষ্ট্য হলো এর ডিম। প্রতিটি ডিমের আকার, গঠন ও বাইরের আবরণ একে অপরের থেকে আলাদা। বিজ্ঞানীরা এদের ডিমের ভিন্ন ধরন থেকেই নিশ্চিত হয়েছেন, এরা একেবারেই নতুন প্রজাতি।
এরইমধ্যে কুইন্সল্যান্ড মিউজিয়ামে এই পোকার দুটি নমুনা সংরক্ষণ করা হয়েছে। গবেষকরা বলছেন, ভবিষ্যতের গবেষণায় এই নমুনাগুলো থেকে আরো অনেক অজানা তথ্য পাওয়ার আশা রাখছেন তারা।
—সিএনএন










