স্বাধীন ভারতের প্রথম ভোটার শ্যামশরণ নেগি মারা গেছেন। আজ শনিবার ভোরে হিমাচল প্রদেশের কিন্নৌরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৬ বছর। খবর এনডিটিভি।

নির্বাচন কমিশন জানায়, ৩ নভেম্বর-ই ভোট দিয়েছিলেন নেগি। গণতন্ত্রের ওপর ব্যাপক আস্থা ছিল নেগির।

গত ৩ নভেম্বর হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে শেষ ভোট দিয়েছিলেন তিনি। কয়েক দিন ধরেই বার্ধক্যজনিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। 

তার মৃত্যুতে নির্বাচন কমিশন জানায়, নেগির গণতন্ত্রের ওপর আস্থা দেখে মুগ্ধ হতে হত। তার মৃতুতে আমরা শোকস্তব্ধ, জাতির প্রতি তার অবদানে আমরা কৃতজ্ঞ।'

শ্যামশরণ নেগির জন্ম ১৯১৭ সালের ১ জুলাই হিমাচল প্রদেশে। জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন কল্পা গ্রামে স্কুল শিক্ষক হিসেবে। ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পর ১৯৫১ সালে স্বাধীন ভারতে প্রথম ভোট হয়। সেই বছর ২৫ অক্টোবর দেশের প্রথম নাগরিক হিসাবে ভোট দেন নেগি। 

তবে দেশটির অধিকাংশ এলাকায় ভোট হয়েছিল ১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসে। আর হিমাচল প্রদেশে ফেব্রুয়ারি মাসের আবহাওয়া ভোটের পক্ষে অনুকূল না থাকায় পাঁচ মাস আগেই নির্বাচন হয়। তখন প্রথম ভোট দিয়েছিলেন নেগি।

নেগির মৃত্যুতে পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছে বিজেপি ও কংগ্রেস।