করোনার দাপটে অনেক দেশে পর্যটন ব্যবসা তলানিতে ঠেকেছিল। সাম্প্রতিক সময়ে একাধিক দেশ ও প্রতিষ্ঠান ভ্রমণপিপাসুদের চলাচল সহজ করে দিয়েছে। চালু হয়েছে নানা ধরনের প্যাকেজ। এর মাঝে বেশ সাড়া জাগিয়েছে রিজ-কার্লটনের প্রথম প্রমোদতরী। এ সঙ্গে ক্রুজ ব্যবসার জমজমাট হওয়ার আশাও দেখছে সংশ্লিষ্টরা।

প্রাথমিক ঘোষণার প্রায় সাড়ে তিন বছর পর চলতি মাসের মাঝামাঝিতে যাত্রা করে সুপারইয়ট এভরিমা। এ ক্রুজ পরিচালনা করছে বিখ্যাত হোটেল কোম্পানি রিজ-কার্লটন।

হোটেলটির কালেকশনে আছে তিনটি কাস্টম-বিল্ট ইয়ট, যার একটি এভরিমা। গত ১৫ অক্টোবর স্পেনের বার্সেলোনা থেকে ফ্রান্সের নিশ পর্যন্ত সাত রাতের প্রমোদভ্রমণ শুরু করে এই প্রমোদতরী।

গ্রিক শব্দ এভরিমার অর্থ ‘আবিষ্কার’। ভূমধ্যসাগর, ক্যারিবিয়ান, সেইসঙ্গে মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাজুড়ে বিভিন্ন গন্তব্যে যাত্রা করবে, যার বেশিরভাগ ক্রুজের সময়কাল হবে সাত থেকে দশ রাত পর্যন্ত।

১৯০ মিটারের এ জাহাজে একটি ব্যক্তিগত টেরাস, ১৪৯টি স্যুটসহ ২৯৮ জন যাত্রীর বন্দোবস্ত আছে। এর আওতায় রয়েছে স্ট্যান্ডার্ড কেবিন থেকে শুরু করে দোতলা অ্যাপার্টমেন্ট। বাইরের দৃশ্য দেখার জন্য অতিথিদের কক্ষগুলো বিশেষভাবে ডিজাইন করা এই প্রমোদতরীর মেঝে থেকে ছাদ পর্যন্ত পুরোটাই যেন জানালা। আছে ইনফিনিটি পুল, ওয়াইন ভল্ট, স্পা, নাইটক্লাবসহ নিজস্ব মেরিনা।


ভূমধ্যসাগরীয় সমুদ্র যাত্রার জন্য এক সপ্তাহে জনপ্রতি সর্বনিম্ন খরচ ৬ হাজার ৪০০ ডলার থেকে শুরু। ক্যারিবিয়ানে শুরু হয় জনপ্রতি ৫ হাজার ১০০ ডলার দিয়ে।

এই বিলাসবহুল ক্রুজে অতিথিরা ‘গোল্ড স্ট্যান্ডার্ড সেবা’ আশা করতেই পারে। রিজ-কার্লটনের দাবি, তারা অতিথিদের জন্য সর্বোচ্চ কর্মী এবং পর্যাপ্ত স্থানের সংকুলান করেছে। আছে চমৎকার খাবারের অভিজ্ঞতা, ওয়াটার স্পোর্টস এবং অন-বোর্ড এন্টারটেইনমেন্ট।

এভমিরার পর আরো দুটি ইয়ট ‘ইলমা’ ও ‘লুমিনারা’ যাত্রী নিয়ে সমুদ্রে ভাসবে। যেগুলো বর্তমানে ফ্রান্সের একটি শিপইয়ার্ডে প্রস্তুত হচ্ছে।

রিজ-কার্লটন ২০১৭ সালে বিলাসবহুল প্রমোদতরীর জগতে প্রবেশের ঘোষণা দেয়। তাদের এ উদ্যোগকে বিলাসী ক্রুজিং ও ইয়টিংয়ের একটি মিশ্রণ হিসেবে মনে করা হয়।

রিজ-কার্লটন ইয়ট কালেকশনের নির্বাহী প্রধান ডগলাস প্রোথেরো জানান, তাদের ইয়ট কালেকশন বিলাসবহুল ক্রুজ শিল্পে বিপ্লব ঘটাচ্ছে। অনন্য অভিজ্ঞতা দেয়ার জন্যই তারা পরিকল্পনা সাজিয়েছেন। ইয়টের অভ্যন্তরীণ সুযোগ-সুবিধা এতটাই বিস্তৃত করেছেন যে যা এতদিন অদেখাই ছিল।

অবশ্য কেউ চাইলে তিনটি সুপারইয়টই প্রাইভেট চার্টার করতে পারেন। রিজ-কার্লটন চার্টার মূল্য প্রকাশ না করলেও বুঝতে অসুবিধা হয় না যে, চার্টারের জন্য মোটা অঙ্কেরই হিসাব কষতে হবে।

আন্তর্জাতিক হসপিটালিটি চেইনগুলো ইয়েটিংয়ে রমরমা সময় আশা করছেন, রিজ কার্লটনের পরিকল্পনায় সে তার ছাপ পাওয়া যাচ্ছে। সেখানে অন্যরাও পিছিয়ে থাকবে কেন! চলতি মাসের শুরুর দিকে, ফোর সিজন তার প্রথম জাহাজের ঘোষণা করেছে। ৯৫টি স্যুটসহ ২০৭ মিটার-লম্বা সুপারইয়ট আনছে তারা, যা সেবাদান শুরু করবে ২০২৫ সালের শেষ নাগাদ।