পৃথিবীজুড়ে পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর সবচেয়ে বড় কারণ নিউমোনিয়া। শ্বাসতন্ত্রে ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাক সংক্রমণের ফলে নিউমোনিয়া হয়। নিউমোনিয়া প্রতিরোধযোগ্য। তার পরও বিশ্বে প্রতি ৩৯ সেকেন্ডে একজন শিশু নিউমোনিয়ায় মারা যায়। বাংলাদেশেও প্রতি বছর পাঁচ বছরের কম বয়সী প্রায় ১২ হাজার শিশু নিউমোনিয়ার কারণে মারা যায়। ২০২০ সালে ঢাকা শিশু হাসপাতালের মোট রোগীর ১৭ শতাংশই নিউমোনিয়ার চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়। অথচ শুধু নিয়ম মেনে শিশুকে টিকা প্রদান, ছয় মাস মাতৃদুগ্ধ পান করানো, অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার ও নিরাপদ স্বাস্থ্যবিধি মেনে চলা ও নিরাপদ ধোঁয়ামুক্ত পরিবেশ নিশ্চিত করলেই এ মৃত্যুহার একদমই কমিয়ে আনা সম্ভব।
বিশ্বে শিশুদের মধ্যে নিউমোনিয়ার প্রভাব বেশ দৃশ্যমান। পরিসংখ্যান অনুসারে, বিশ্বব্যাপী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ১৮ শতাংশ মানুষ মারা যায়। বিশ্বে প্রতি বছর পাঁচ বছরের কম বয়সী প্রায় ২০ লাখ শিশু নিউমোনিয়ায় মারা যায়।
সেভ দ্য চিলড্রেনের একটি বৈশ্বিক সমীক্ষা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী পাঁচ বছরের কম বয়সী ১১০ কোটি শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হবে। মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া ও ক্ল্যামিডোফিলা নিউমোনিয়ার মতো ব্যাকটেরিয়া শিশুদের নিউমোনিয়া সৃষ্টি করে। এ কারণে শিশুদের সাধারণত নিউমোনিয়ার হালকা লক্ষণ দেখা যায়। এ অবস্থায় শিশুদের মধ্যে শুকনো কাশি, হালকা জ্বর, মাথাব্যথা ও ক্লান্তির মতো উপসর্গ দেখা দেয়। এগুলোকে স্ট্যান্ডার্ড অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা হয়। কিন্তু সমস্যা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড জ্বর, ঘাম বা ঠান্ডা লাগা, নীল নখ বা ঠোঁট, বুকে শ্বাসকষ্ট এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিতে শুরু করে। গুরুতর নিউমোনিয়ায় আক্রান্ত শিশুরাও স্বাভাবিক খাবার বা তরল কিছু খেতে পারে না। অবস্থা বেশি খারাপ হলে অজ্ঞান হয়ে যাওয়া, হাইপোথারমিয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে।
যদিও আমাদের দেশে শিশুদের এ সংক্রমণ থেকে রক্ষা করার জন্য তাদের নিয়মিত টিকা দেয়া হয়। ২, ৪, ৬, ১২ ও ১৫ মাস বয়সী শিশুদের এ টিকা দেয়া হয়।
নিউমোনিয়া দিবস
২০০৯ সাল থেকে বিশ্বব্যাপী নিউমোনিয়া দিবস পালন করা হয়। গ্লোবাল কোয়ালিশন নামের একটি সংস্থা এ দিবস পালন করে। দ্য গ্লোবাল কোয়ালিশন অ্যাগেইনস্ট চাইল্ডহুড নিউমোনিয়া হলো আন্তর্জাতিক, সরকারি, বেসরকারি ও সম্প্রদায়ভিত্তিক সংস্থা, গবেষণা ও একাডেমিক প্রতিষ্ঠান, ফাউন্ডেশন ও ব্যক্তিদের একটি নেটওয়ার্ক। যখন প্রথম বিশ্ব নিউমোনিয়া দিবস চালু করা হয়েছিল তখন নিউমোনিয়ায় প্রতি বছর প্রায় ১২ লাখ শিশু মারা যেত।
সূত্র: সেভ দ্য চিলড্রেন










