মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এ ২১২টি অভিযান পরিচালনা করে ৬১ কোটি ১৮ লাখ টাকার অবৈধ জাল, বোট ও অন্যান্য সামগ্রী জব্দ করেছে নৌবাহিনী। গত ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশের নয়টি জেলায় এ অভিযান পরিচালনা করা হয়।

নৌবাহিনীর তথ্য অনুযায়ী, অভিযান চলাকালে ৮৪ লাখ ২১ হাজার ৬৭০ মিটার অবৈধ জাল, ১৬৬টি বিভিন্ন ধরনের অবৈধ জাল, চারটি বোট ও ৫৭০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। এছাড়া ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জব্দ করা সামগ্রীর মোট ভিত্তিমূল্য ৬১ কোটি ১৮ লাখ ৩ হাজার ৮৯০ টাকা।

অভিযান পরিচালনায় প্রতিনিয়ত সাতটি জাহাজ ও উল্লেখযোগ্যসংখ্যক বোট এবং নৌবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। পাশাপাশি মেরিটাইম পেট্রল এয়ারক্রাফটের মাধ্যমে আকাশপথে নজরদারি চালানো হয়।

অভিযানে জব্দ করা অবৈধ জাল স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দ করা বোটগুলো স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া উদ্ধার করা জাটকা মাছ স্থানীয় এতিমখানায় দান করা হয়েছে।

গত ৮ অক্টোবর শুরু হওয়া ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান গত ২৯ অক্টোবর শেষ হয়।