যুক্তরাজ্যের সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতা ও জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এর অংশ হিসেবে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাশমোলিয়ান মিউজিয়াম পরিদর্শন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। স্থানীয় সময় শুক্রবার জাদুঘরটির আমন্ত্রণে তিনি এ পরিদর্শনে যান।
পরিদর্শনকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশী শিল্পী সোমা সুরভি জান্নাতের শিল্পকর্ম নিয়ে আয়োজিত ‘ক্লাইমেট, কালচার, কেয়ার’ শীর্ষক প্রদর্শনী ঘুরে দেখেন। যুক্তরাজ্যের কোনো জাদুঘরে বাংলাদেশে অবস্থানরত কোনো শিল্পীর এটিই প্রথম একক প্রদর্শনী। শিল্পী সুরভির কাজের গভীরতা, সৃজনশীলতা ও শৈল্পিক প্রকাশের প্রশংসা করেন তিনি। এ সময় জাদুঘরের কিউরেটরিয়াল দলের সদস্যরা তাকে জাদুঘরের নির্বাচিত সংগ্রহগুলোও ঘুরে দেখান।
পরিদর্শনকালে অ্যাশমোলিয়ান মিউজিয়ামের কিপার অব ইস্টার্ন আর্ট অ্যান্ড কিউরেটর ড. মালিকা কুম্বেরা ল্যান্ড্রুসের সঙ্গে বৈঠক করেন শামা ওবায়েদ ইসলাম। বৈঠকে প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব, সাংস্কৃতিক বিনিময় এবং বাংলাদেশের শিল্পীদের সহায়তা ও সৃজনশীল অর্থনীতির বিকাশে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
এ সময় দুদেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তারা। বাংলাদেশের সমকালীন শিল্পকলার আন্তর্জাতিক স্বীকৃতি বাড়ানো এবং সাংস্কৃতিক কূটনীতিকে পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে কাজে লাগানোর বিষয়েও আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাজ্যে বাংলাদেশের সাংস্কৃতিক উপস্থিতি জোরদার, দুদেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানো এবং দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ আবদুল মুহিতসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা ছিলেন।












