বর্তমান সময়ে ডায়াবেটিস বহুল প্রচলিত রোগ হলেও এর সঠিক এবং পর্যাপ্ত চিকিৎসা ও নিয়ন্ত্রণ বাংলাদেশে তুলনামূলকভাবে অপ্রতুল। এ চাহিদা পূরণ এবং ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্যের সার্বিক উন্নয়ন ও দেখাশোনায় এল স্বাস্থ্যসেবা অ্যাপস"ডায়াবেটিস কেয়ার। ল্যাবএইডের অঙ্গপ্রতিষ্ঠান লাইফপ্লাস বাংলাদেশের উদ্যোগে প্রযুক্তিনির্ভর এ সেবাটি চালু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ল্যাবএইড ক্যান্সার হসপিটাল ও সুপার স্পেশালিটি সেন্টারের সহকারী ব্যবস্থাপক হাসিব সুহাস। বণিক বার্তাকে তিনি বলেন, ‘ডায়াবেটিস রোগীদের জীবনযাত্রার মানোন্নয়নে লাইফপ্লাস বাংলাদেশ অ্যাপ নিয়ে এসেছে অত্যাধুনিক ও সমন্বিত ডায়াবেটিস কেয়ার প্যাকেজ, যা ডায়াবেটিস রোগীদের জন্য নিশ্চিত করবে সুন্দর ও সুনিয়ন্ত্রিত জীবন। ‘‘ডায়াবেটিস কেয়ার’’ রোগীদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়ার সুবিধা দিচ্ছে। প্রয়োজন অনুযায়ী ডায়াবেটিস রোগীদের বিভিন্ন প্রয়োজনীয় চিকিৎসা ও চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করবেন অভিজ্ঞ ডাক্তাররা। এছাড়াও বর্তমান প্রেক্ষাপটে ব্যস্ত সময়সূচির মাঝে লাইফপ্লাস অ্যাপের মাধ্যমে ডায়াবেটিস রোগীরা ঘরে বসেই বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তারদের সঙ্গে ভিডিও কনসালটেশন করতে পারবেন, যা তাদের স্বাস্থ্যসেবা গ্রহণের প্রক্রিয়া আরো সহজতর করবে।’

অ্যাপসটির সুবিধা বর্ণনা করে তিনি আরো বলেন, ‘ডায়াবেটিস কেয়ারে ওষুধ সেবনের সময় মনে করিয়ে জন্য মেডিসিন রিমাইন্ডার ফিচার থাকছে। এটি প্রতিদিন নির্দিষ্ট সময়ে ওষুধ গ্রহণের জন্য অ্যাপে নোটিফিকেশন পাঠাবে, যা সময়মতো ওষুধ গ্রহণ নিশ্চিত করবে। সঙ্গে রয়েছে নিয়মিত ব্লাড সুগার চেক করার জন্য রিমাইন্ডার সুবিধা। ইলেক্ট্রনিক হেলথ রেকর্ডের মাধ্যমে ডায়াবেটিস রোগীরা নিয়মিত তাদের স্বাস্থ্য তথ্য সংরক্ষণ করতে পারবেন। আর সুনিয়ন্ত্রিত ও পর্যাপ্ত খাদ্য গ্রহণ নিশ্চিতকরণে দক্ষ নিউট্রিশনিস্টের পরামর্শ অনুযায়ী ডায়েট প্ল্যানও নির্ধারণ করা যাবে। এছাড়াও, ডায়াবেটিস ব্লগ ডায়াবেটিস রোগীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবে, যা তাদের স্বাস্থ্য সচেতনতা বাড়াবে।’