ভারতের মণিপুর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। রাজ্যটির মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করার পর বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এই সিদ্ধান্ত কার্যকর করা হলো। এর আগে গত রোববার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর ইস্তফা দেয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। খবর ইন্ডিয়া টুডে।

সংবাদমাধ্যমটি বলছে, ভারতের সংবিধানের ১৭৪(১) অনুচ্ছেদে বলা হয়েছে, রাজ্য বিধানসভাগুলোকে তাদের শেষ অধিবেশনের ছয় মাসের মধ্যে আবার অধিবেশন আহ্বান করতে হবে। মণিপুরে শেষ বিধানসভা অধিবেশন বসেছিল গত বছরের ১২ আগস্ট। গতকাল বুধবার পরবর্তী অধিবেশন আহ্বানের সময়সীমা ছিল। মণিপুরের রাজ্যপাল অজয় ভাল্লা সোমবার থেকে শুরু হতে যাওয়া বাজেট অধিবেশন বাতিল করেন।

এন বীরেন সিংয়ের পদত্যাগের আগে মণিপুর বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনার বিষয়ে ভাবনা-চিন্তা করছিল কংগ্রেস। ভোটাভুটি হলে বীরেন সরকারের পতনের সম্ভাবনা রয়েছে, এমনই আশঙ্কা ছিল। এ পরিস্থিতিতে বীরেনের পদত্যাগ ছাড়া কোনো গতি ছিল না। বৈঠকে তাঁকে সে কথা বলেও দেন শাহ।