যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার এক সপ্তাহ পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ।
সোমবার (২৭ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে তিনি টেলিফোনে কথা বলেন। খবর এনডিটিভি।
ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরো মজবুত করতে দুই রাষ্ট্রপ্রধানের কথা হয়েছে। ট্রাম্পকে ‘প্রিয় বন্ধু’ সম্বোধন করে দ্বিতীয় মেয়াদের জন্য তাকে অভিনন্দন জানান মোদি।
ট্রাম্পের সঙ্গে ফোনালাপের কথা উল্লেখ করে মোদি তার এক্স হ্যান্ডেলে লেখেন, আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। তার ঐতিহাসিক দ্বিতীয় মেয়াদের জন্য তাকে অভিনন্দন। আমরা পারস্পরিক উপকারী এবং বিশ্বস্ত অংশীদারত্বে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের জনগণের কল্যাণ এবং বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য আমরা একসঙ্গে কাজ করব।










