১৯৭১ সালে ঢাকায় পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের ছবিটি ভারতের সেনাপ্রধানের অফিস থেকে সরিয়ে ফেলা হয়েছে। এর বদলে সেখানে হিন্দু মহাকাব্য মহাভারতের চিত্রকল্প ও প্রাচীন দার্শনিক চাণক্যের অলংকরণের সঙ্গে ট্যাংক, হেলিকপ্টার, সাবমেরিন ও সৈন্যদের ছবি রয়েছে এমন চিত্র টানানো রয়েছে। খবর দ্য টেলিগ্রাফ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাপ্রধানের অফিস থেকে ছবি পরিবর্তনের এ সিদ্ধান্ত নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। এর মধ্যে ভারতের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও রয়েছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) ভারতের সেনাবাহিনী জানিয়েছে, ১৯৭১ সালের যুদ্ধ শেষে পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের ছবি দিল্লীতে অবস্থিত মানেকশ সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে। স্যাম মানেকশ ১৯৭১ সালে যুদ্ধ চলাকালীন ভারতের সেনাবাহিনীর প্রধান ছিলেন।

বিজয় দিবসের প্রাক্কালে এ ছবি পরিবর্তনের ঘটনা ঘটল।

১৯৭১ সালে তোলা ছবিটিতে দেখা যায়, পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল এ এ কে নিয়াজি আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করছেন। তার পাশে বসে আছেন ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান ও বাংলাদেশ-ভারত যৌথ বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা।

দ্য টেলিগ্রাফ ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে জানিয়েছে, নতুন চিত্রকর্মটি লেফটেন্যান্ট কর্নেল থমাস জ্যাকব এঁকেছেন। এতে সেনাবাহিনীকে ধর্মের রক্ষক ও জাতীয় মূল্যবোধের সংরক্ষক হিসেবে উপস্থাপন করা হয়েছে।