পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি রেলওয়ে স্টেশনে শনিবার এক বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত ও আরো ডজন খানেক আহত হয়েছেন। স্থানীয় প্রশাসন ও পুলিশের উদ্ধৃতি দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

বেলুচিস্তান লিবারেশন আর্মি নামক একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে। পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনাটিকে আত্মঘাতী বোমা হামলা হিসেবে চিহ্নিত করেছে।

স্থানীয় প্রশাসনের কমিশনার জানিয়েছেন যে, নিহতদের মধ্যে এক আত্মঘাতী হামলাকারীসহ ২৫ জন রয়েছেন। আহতদের মধ্যে কিছু সেনা সদস্যও রয়েছেন। বেলুচিস্তান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ বালুচের মতে, আত্মঘাতী হামলাকারী ৬-৮ কেজি বিস্ফোরক বহন করছিলেন, যা থেকে বিস্ফোরণটি ঘটানো হয়। ঘটনার সময় স্টেশনে প্রচুর ভিড় ছিল এবং বিস্ফোরণের কারণে স্টেশনটি ধ্বংসপ্রাপ্ত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণের মুহূর্ত এবং পরবর্তী সময়ের বিভীষিকাময় দৃশ্য দেখা গেছে। আহত আব্দুল জব্বার জানান, আমি টিকিট কেটে স্টেশনে প্রবেশ করার পরই বিস্ফোরণ ঘটে।

বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরে সশস্ত্র লড়াই চালিয়ে যাওয়া বেলুচিস্তান লিবারেশন আর্মি হামলার দায় স্বীকার করে জানাযয়, তারা কোয়েটায় প্রশিক্ষণ শেষে ফিরতি পথে থাকা সামরিক ইউনিটকে লক্ষ্য করেই এই হামলা চালিয়েছে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী এই হামলাকে ‘পশুর চেয়েও অধম’ বলে উল্লেখ করে দোষীদের বিচারের আওতায় আনার অঙ্গীকার করেন।