পাকিস্তানের বেলুচিস্তানে শত শত যাত্রী বহনকারী একটি ট্রেনে সশস্ত্র হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। হামলার পর ট্রেনটি থামিয়ে দেয়া হয়। বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) দাবি করেছে, ‘নিরাপত্তা কর্মকর্তাসহ যাত্রীদের জিম্মি করা হয়েছে’। তারা হুঁশিয়ারি দিয়েছে, যাত্রীদের উদ্ধারের চেষ্টা করা হলে মারাত্মক পরিণতি হবে। তবে সরকারি কর্মকর্তাদের কেউ এখনো জিম্মি হওয়ার বিষয়টি নিশ্চিত করেননি। খবর বিবিসি ও ডন ।

কোয়েটার রেলওয়ে কন্ট্রোলার মুহাম্মদ কাশিফ বিবিসিকে জানিয়েছেন, ট্রেনে ৪০০-৫০০ জন যাত্রীর টিকিট বুক করা ছিল। তবে ঠিক কতজন যাত্রী ভ্রমণ করছিলেন এ ব্যাপারে স্পষ্ট তথ্য নেই।

সিবির সীমান্তবর্তী এলাকার একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা এএফপি নিউজ এজেন্সিকে জানিয়েছেন, পাহাড় ঘেরা একটি টানেলের ঠিক আগে ট্রেনটি আটকে আছে।

এদিকে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নওয়াজ হামলার নিন্দা জানিয়েছেন। পুলিশ কর্মকর্তারা এখনো ট্রেনের কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, ট্রেনটি যে এলাকায় আটকে আছে, সেখানে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্কের কোনো সংযোগ নেই।

উল্লেখ্য, বেলুচ লিবারেশন আর্মি স্বাধীনতার জন্য কয়েক দশক ধরে বিদ্রোহ চালিয়ে আসছে। তারা প্রায়ই থানা, রেলপথ ও মহাসড়ক লক্ষ্য করে মারাত্মক হামলা চালিয়ে আসছে।