যুক্তরাজ্য সফরে গিয়ে হামলার শিকার হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। স্থানীয় সময় বুধবার (৫ মার্চ) রাতে লন্ডনের চ্যাথাম হাউসের সামনে হামলাকারীরা তার গাড়ির কাছাকাছি চলে গিয়েছিল বলে অভিযোগ উঠেছে। সেইসঙ্গে কনভয়ের সামনে ভারতের জাতীয় পতাকা ছিঁড়েছে হামলাকারীরা। খবর দ্য টাইমস অব ইন্ডিয়া।
বৃহস্পতিবার এ বিষয়ে এক বিবৃতি জারি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে এই ঘটনার নিন্দা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
সংবাদমাধ্যম এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বুধবার রাতে চ্যাথাম হাউসে একটি আলোচনা সভায় যোগ দিতে গিয়েছিলেন জয়শঙ্কর। সে সময় পতাকা নিয়ে রাস্তায় জড়ো হয়ে ভারত বিরোধী স্লোগান দিচ্ছিলেন খলিস্তানপন্থীরা। জয়শঙ্কর কর্মসূচি শেষে বেরোনোর সময় বিক্ষোভকারীদের জটলা থেকে এক ব্যক্তি হঠাৎই ছুটে তার গাড়ির সামনে পৌঁছে যায়। কনভয়ের সামনেই ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে বিক্ষোভকারী। এ সময় আরো কয়েকজন খলিস্তানপন্থী পররাষ্ট্রমন্ত্রীর কনভয়ের কাছে এসে স্লোগান দিতে শুরু করে।
প্রাথমিকভাবে পুলিশ কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও কিছুক্ষণ পর বিক্ষোভকারীদের সরিয়ে নিয়ে যায়। এই হামলার নেপথ্যে খলিস্তানপন্থী নেতা গুরপতবন্ত সিংহ পান্নুনের সংগঠন শিখস ফর জাস্টিস (এসএফজে) রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। প্রশ্ন ওঠেছে লন্ডন পুলিশের ভূমিকা নিয়েও।










