গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশের সব সমস্যার সমাধানের ওপর জোর দিয়েছে ভারত। শুক্রবার (৭ মার্চ) নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে মন্তব্য করেন।
রণধীর জয়সওয়াল বলেন, আমরা শান্তিপূর্ণ, স্থিতিশীল বাংলাদেশের পক্ষে। যেখানে গণতান্ত্রিক উপায়ে এবং অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সব সমস্যার সমাধান করা হবে।
তিনি বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আমরা এখনো চিন্তিত। যেভাবে চরমপন্থীরা মুক্তি পাচ্ছে তাতে আমরা উদ্বিগ্ন।
রণধীর জয়সওয়াল বলেন, আমরা বারবার উল্লেখ করেছি হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। একই সঙ্গে সংখ্যালঘুদের সম্পত্তি ও ধর্মীয় স্থানগুলোর নিরাপত্তাও অন্তর্বর্তী সরকারকে নিশ্চিত করতে হবে।










