ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদের ডি-চকে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল তেহরিক-ই-ইনসাফ। তবে সরকারের বাধায় দলটির এই যাত্রায় ধীর গতি আসে। সবশেষ ইমরান সমর্থকরা ২৬ নভেম্বর রাতে গন্তব্যে পৌঁছাতে সক্ষম হলেও সরকারের অনড় অবস্থানের কারণে পিছু হাঁটতে হলো। খবর জিও নিউজ।

বুধবার (২৭ নভেম্বর) পিটিআইয়ের মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সরকারের নৃশংস পদক্ষেপের কারণে শান্তিপূর্ণ সামবেশ আপাতত স্থগিত করা হলো। ইমরান খানের পরবর্তী দিকনির্দেশনা অনুযায়ী ভবিষৎ পরিকল্পনা নির্ধারণ করা হবে বলেও জানিয়েছে সাবেক ক্ষমতাসীন দলটি।

এর আগে, পিটিআইয়ের কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে ইসলামাবাদের আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি সামাল দিতে সরকার সেনাবাহিনী মোতায়েন করে।

পিটিআই সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তান সরকারের প্রতি মানবাধিকার রক্ষার পাশাপাশি সংবিধান মেনে চলারও তাগিদ দিয়েছে ওয়াশিংটন।