শীত মৌসুম শুরুর আগেই ভয়াবহ দূষণের কবলে পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। শহরটির এয়ার কোয়ালিটি ৪০০ ছাড়িয়ে গেছে, যা মানবস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এ আবহাওয়ায় বাইরে বেশিক্ষণ থাকলে শ্বাসকষ্ট হতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা। এমন প্রেক্ষিতে শহরের সব প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই সঙ্গে দূষণ প্রতিরোধে দেয়া হয়েছে একাধিক নির্দেশনা। খবর বিবিসি।
ভারতীয় সংবাদমাধ্যমটি বলছে, ক্রমবর্ধমান বায়ু দূষণের কারণে দিল্লির সমস্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে বলে কর্মকর্তারা ঘোষণা দিয়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে ভারতের রাজধানীর মুখ্যমন্ত্রী অতিশি মারলেনা সিং বলেছেন, শহরটিকে ঘিরে থাকা ঘন ধোঁয়াশার কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ক্লাস অনলাইনে চলবে।
বিবিসি বলছে, দিল্লি এবং আশপাশের শহরগুলো ব্যাপক মাত্রায় দূষণের কবলে পড়েছে যেটাকে মানুষের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবারও দিল্লির বাতাসে সূক্ষ্ম কণার পরিমাণ নিরাপদ মাত্রার চেয়ে ৫০ গুণেরও বেশি ছিল। মূলত তাপমাত্রা হ্রাস, ধোঁয়া, ধূলিকণা, বাতাসের কম গতি, যানবাহন থেকে ধোঁয়া নির্গমন এবং ফসলের খড় পোড়ানোর কারণে শীতকালে দিল্লি এবং উত্তর ভারতের রাজ্যগুলো প্রতি বছর ধোঁয়াশার সম্মুখীন হয়ে থাকে।










